২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রামে ছাত্র নিহতের ঘটনায় সড়ক অবরোধ

সড়ক দুর্ঘটনায় সহপাঠীর মৃত্যুকে কেন্দ্র করে কুড়িগ্রামে বিক্ষুদ্ধ ছাত্ররা সড়ক অবরোধ করে যানবাহন ও দোকানপাটে ভাংচুর চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2012, 11:01 AM

Updated : 24 Aug 2022, 10:59 AM

কুড়িগ্রাম, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সড়ক দুর্ঘটনায় সহপাঠীর মৃত্যুকে কেন্দ্র করে কুড়িগ্রামে বিক্ষুদ্ধ ছাত্ররা সড়ক অবরোধ করে যানবাহন ও দোকানপাটে ভাংচুর চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। দুর্ঘটনায় আহত কুড়িগ্রাম সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের মাস্টার্স শেষ বর্ষের ছাত্র মমিনুল ইসলাম মমিন (২৫) শনিবার ভোরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি উলিপুর উপজেলার রেলগেট সংলগ্ন জোনাইডাঙ্গা গ্রামের আছর উদ্দিনের ছেলে। সকাল ১১টায় কলেজ ক্যাম্পাসে মমিনের জানাজা শেষে বিক্ষুদ্ধ ছাত্ররা সড়ক অবরোধ, বাসে আগুন ও ভাংচুর চালায় বলে জানায় পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা। এসময় অন্তত ৫ শিক্ষক ও ছাত্র আহত হয়। তাদের কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে হৃদয় নামে এক ছাত্রের অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শুক্রবার সকালে জজ কোর্ট মোড়ে একটি মিনিবাসের ধাক্কায় গুরুতর আহত হন মোমিন। প্রথমে তাকে কুড়িগ্রাম সদর হাসপাতালে এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই ভোরে তিনি মারা যান। প্রত্যক্ষদর্শীরা জানায়, মমিনের জানাজার পর পরই বিক্ষুদ্ধ ছাত্ররা রাস্তায় নেমে কুড়িগ্রাম-চিলমারী সড়ক অবরোধ করে। এসময় তারা রাস্তায় গাছের গুড়ি, বাঁশ ফেলে রাখে ও টায়ার জ্বালায়। দুপাশে ব্যাপক যানজট সৃষ্টি হয় এবং যান চলাচল বন্ধ হয়ে যায়। এসময় সেখানে বিআরটিসি’র একটি বাস এলে ছাত্ররা তাতে আগুন ধরিয়ে দেয়। বিক্ষুদ্ধরা ভোকেশনাল মোড় থেকে কলেজ গেইট মোড় পর্যন্ত এক কিলোমিটার এলাকা দখল নিয়ে আশপাশের ২৫টি দোকানে ভাংচুর চালায় বলে জানায় প্রত্যক্ষদর্শীরা। সদর থানার ওসি মইনুল ইসলাম জানান, ছাত্ররা দমকল বাহিনীর একটি গাড়িতে হামলা করতে গেলে পুলিশ তাদের লাঠিচার্জ করে ছাত্রভঙ্গ করে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পাঁচ রাউন্ড কাঁদানে গ্যাস নিক্ষেপ করা হয়েছে। বেলা সাড়ে ৩টার দিকে ছাত্ররা অবরোধ ছেড়ে গেলে যান চলাচল স্বাভাবিক হয় বলে জানান ওসি। সরকারি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক তোফায়েল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুরের পর ক্যাম্পাসে প্রশাসন, কলেজ শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে সমঝোতার বৈঠক শুরু হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৬৫৫ ঘ.