ঢাকা, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একটি মামলায় বাদীর কাছ থেকে আর্থিক সুবিধা গ্রহণের অভিযোগ উঠেছে ঢাকার আদালতের এক বিচারকের বিরুদ্ধে।
যুগ্ম জেলা জজ পঞ্চম আদালতের বিচারক শরীফ হোসেন হায়দারের বিরুদ্ধে এ অভিযোগ আনেন ঢাকা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর।
তিনি মঙ্গলবার ঢাকা জেলা জজ এবং বুধবার সুপ্রিম কোর্টের নিবন্ধকের কার্যালয়ে এই অভিযোগ জমা দেন।
আবেদনে বলা হয়, অভিযোগকারী ওই আদালতে একটি দেওয়ানি মামলায় এক নম্বর বিবাদীপক্ষের আইনজীবী। গত বছরের ১৯ নভেম্বর মামলাটির চূড়ান্ত শুনানি হওয়ার কথা ছিল।
সেদিন এ আইনজীবী এজলাসে তার মক্কেলের পক্ষে হাজিরা দেন। অনেকক্ষণ অপেক্ষা করেও বাদীপক্ষের কাউকে না দেখে তিনি অন্য একটি আদালতে চলে যান।
এই ফাঁকে বাদীপক্ষ বিবাদীপক্ষকে না জানিয়ে একটি দরখাস্ত শুনানি করে মঞ্জুর করিয়ে নেয়। বিবাদীপক্ষকে না জানিয়ে এ কাজ করা বিচারিক রীতি বিরুদ্ধ বলে অভিযোগে উল্লেখ করা হয়।
অভিযোগে আরো বলা হয়, বাদীর ওই আবেদন মঞ্জুর করে বিচারক চলতি বছরের ৫ এপ্রিল পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করেন। পরে জানা যায় তারিখটি বিচারকের ইচ্ছায় পরিবর্তিত হয়ে ৫ মার্চ ধার্য হয়ে যায়।
পরে গোপনে বিবাদীপক্ষকে কোনো নোটিশ না দিয়ে বেআইনিভাবে ৫ মার্চের আগে অল্পদিন অন্তর অন্তর তারিখ ফেলে গত ২৮ ফেব্র“য়ারি মামলাটিতে বাদীপক্ষে ডিক্রির আদেশ দেন।
এ মামলায় বিচারক বাদীপক্ষ থেকে মোটা অঙ্কের আর্থিক সুবিধা নিয়েছেন বলে অভিযোগে বলা হয়।
এদিকে এ অভিযোগের খবর পেয়ে দেওয়ানি মামলা পরিচালনাকারী বেশ কয়েকজন আইনজীবী ওই বিচারকের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির কথা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
ঢাকা বারের কার্যনির্বাহী পরিষদের সাবেক সভাপতি দেওয়ানি মামলার জ্যেষ্ঠ আইনজীবী এস এম আলতাফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অভিযোগের বর্ণনায় স্পষ্ট বোঝা যাচ্ছে এ ক্ষেত্রে ওই বিচারকের দুর্নীতি রয়েছে।
এই বিচারকের বিরুদ্ধে দেওয়ানি মামলা পরিচালনাকারী বিভিন্ন কনিষ্ঠ আইনজীবী তার কাছে আগেও দুর্নীতির অভিযোগ করেছেন বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/ডিডি/২৩৩০ ঘ.
bdnews24