ঢাকা, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন পররাষ্ট্র সচিব মোহাম্মদ মিজারুল কায়েসের অবস্থার উন্নতি হওয়ায় তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।
পররাষ্ট্র সচিব দর্শনার্থীদের সঙ্গে কথাও বলছেন বলে শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন সৈয়দ মাহমুদুুল হক।
এই ব্যবসায়ী শুক্রবার সকালে হাসপাতালে মিজারুল কায়েসের সঙ্গে কথা বলেন। সমুদ্রসীমার বিরোধ নিয়ে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বাংলাদেশের জয়ের বিষয় নিয়েও পররাষ্ট্র সচিব আলোচনা করেন বলে জানান মাহমুদুল হক।
তিনি জানান, গত বুধবার পররাষ্ট্র সচিবকে কেবিনে স্থানান্তর করা হয়।
গুরুতর অসুস্থ মিজারুল কায়েসকে গত ১ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর পাঠানো হয়। সচিবের সঙ্গে তার স্ত্রী এবং আরো এক স্বজন সিঙ্গাপুরে রয়েছেন।
পররাষ্ট্র সচিব শ্বাসকষ্টে ভুগছিলেন। পাশাপাশি তার রক্তেও সংক্রমণ দেখা দিয়েছিল।
অসুস্থ অবস্থায় গত ৩১ ফেব্রুয়ারি মিজারুল সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হলে তাকে লাইফসাপোর্টে রাখা হয়েছিল। পরে তাকে বিদেশ পাঠানোর পরামর্শ দেন চিকিৎসকরা।
মিজারুল ২০০৯ সালের ৮ অগাস্ট পররাষ্ট্র সচিব হিসেবে যোগ দেন। এর আগে রাশিয়া ও মালদ্বীপে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/২২২৬ ঘ.
bdnews24