দিনাজপুর, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনাজপুরের সদর উপজেলায় বাসচাপায় এক শিক্ষকের নিহত হয়েছেন।
কোতয়ালী থানার ওসি আসলাম ইকবাল জানান, শুক্রবার ভোর ৬টার দিকে শহরের পাহাড়পুর সড়কে রেডক্রিসেন্ট হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহাবুদ্দিন লিটন (২৮) দিনাজপুর নোবল মেডিকেল ইনস্টিটিউটে উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষক ছিলেন। তিনি পাবনা জেলার কিসমত প্রতাবপুর গ্রামের আজমল হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি আসলাম ইকবাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকা থেকে সেতাবগঞ্জগামী একটি বাস ভোর ৬টার দিকে রেডক্রিসেন্ট হাসপাতালের সামনে শাহাবুদ্দিনকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
“পাহাড়পুর মসজিদ থেকে ফজরের নামাজ শেষে বাসায় ফিরছিলেন শাহাবুদ্দিন।”
তিনি জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/জেকে/১৩৩০ ঘ.
bdnews24