ভোলা, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোলায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একই পরিবারের তিনজনসহ মোট চার জন নিহত হয়েছেন।
বোরহানউদ্দিন থানার ওসি এনায়েত হোসেন জানান, বৃহস্পতিবার রাত ৩টার দিকে ভোলা-চরফ্যাশন সড়কের উদয়পুর রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে তিন জনের নাম জানা গেছে। এরা হলেন- ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা গ্রামের মান্নান (৬৫), তার ভাই মিজানের স্ত্রী লিপি (২৫) এবং তার লিপির সিয়াম (৩)। তারা সবাই ট্রাকে ছিলেন।
দুর্ঘটনায় ট্রাক চালকের সহকারীও নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তার নাম জানা যায়নি।
ওসি এনায়েত হোসেন জানান, নদীভাঙনের কবলে পড়ে ওই পরিবারের সদস্যরা চরফ্যাশন থেকে বাড়ি ভেঙে নিয়ে নতুন করে ঘর বাঁধার জন্য ট্রাকে করে ভোলা সদরে যাচ্ছিলেন। পথে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়।
এ দুর্ঘটনায় আহত আরো দুজনকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হলেন নিহত লিপির স্বামী মিজান (৪৫) এবং চরফ্যাশনের আমির হোসেন (২৮)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১০৩৫ ঘ.
bdnews24