চট্টগ্রাম, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের চকবাজারের একটি রেস্তোরাঁ থেকে ইসলামী ছাত্রশিবিরের আট নেতাকর্মীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
বুধবার রাত ৮টার দিকে চকবাজার কস্তুরিকা রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনের পরপরই তাদের পুলিশ ধরে নিয়ে যায় বলে শিবির নেতারা জানিয়েছেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি বদিউল আলম ছাড়া আটক অন্যদের মধ্যে রয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় ছাত্র কল্যাণ সম্পাদক দেলোয়ার হোসেন, চবি কলা অনুষদের সভাপতি আবদুল্লাহ আল মামুন।
বাকি পাঁচ জন হলেন- ফজলুল করিম, হোসাইন আল হিশাম জাভেদ, হাসান, শফিকুল ইসলাম ও শামীম ভূইয়া। তারা সবাই শিবিরকর্মী বলে পুলিশ জানিয়েছে।
নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার এস এম তানভীর আরাফাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নাশকতার পরিকল্পনার অভিযোগে তাদের আটক করা হয়েছে।
আট জনের মধ্যে দুজন নিজেদের সাংবাদিক বলে দাবি করেছেন। তানভীর বলেন, থানায় জিজ্ঞাসাবাদ করে তাদের দাবি যাচাই করা হবে।
বিশ্ববিদ্যালয় খোলার তিন দিন আগে দুই নেতা-কর্মী হত্যাকাণ্ডের বিষয়ে সংবাদ সম্মেলন করেছিল ছাত্রশিবির।
গত ৮ ফেব্রুয়ারি চবি ক্যাম্পাসে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষে ওই দুজন নিহত হন।
সংঘর্ষের পর বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যায়। আগামী ১৮ মার্চ তা খোলার কথা। তার আগে শুক্রবার খুলে দেওয়া হবে বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হল।
আটকের আগে দুই নেতার হত্যাকারীদের গ্রেপ্তারসহ চার দফা দাবি জানিয়ে সংবাদ সম্মেলনে শিবির নেতারা বলেন, দাবি না মানলে ১৯ মার্চ থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ধর্মঘট ডাকবেন তারা।
বদিউল আলম সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান। বক্তব্য পড়ার পরপরই গোয়েন্দা পুলিশ সেখানে অভিযান চালায়।
সংবাদ সম্মেলনে চট্টগ্রাম মহানগর উত্তরের সভাপতি মোহাম্মদ ইসমাইল হোসেন উপস্থিত থাকলেও তিনি গ্রেপ্তার এড়িয়ে যান।
সংবাদ সম্মেলনে ধর্মঘটের হুমকি ছাড়াও তদন্ত কমিটি বাতিল করে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন, হলে বৈধ শিক্ষার্থীদের অবস্থান ও শিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিও জানানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/এমআই/২৩১১ ঘ.
bdnews24