২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আদমজী ইপিজেডে শ্রমিক অসন্তোষ

শ্রমিকদের মোবাইল ব্যবহার করা নিয়ে নারায়ণগঞ্জের আদমজী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) রপ্তানিমুখী দুটি পোশাক কারখানায় কর্মকর্তাদের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2012, 01:04 PM

Updated : 24 Aug 2022, 10:58 AM

নারায়ণগঞ্জ, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্রমিকদের মোবাইল ব্যবহার করা নিয়ে নারায়ণগঞ্জের আদমজী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) রপ্তানিমুখী দুটি পোশাক কারখানায় কর্মকর্তাদের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ হয়েছে। বুধবার দুপুরের এ সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। শিল্প পুলিশ জোন-৪ এর পুলিশ সুপার (এসপি) মাহাবুবুল আলম জানান, বুধবার দুপুর ১২টার দিকে আদমজী ইপিজেডের ইপিক-১ ও ইপিক-৩ নামের দুটি পোশাক কারখানায় এ ঘটনা ঘটে। সংঘর্ষে আহত শ্রমিকদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। পরে উভয়পক্ষের মধ্যে সমঝোতার ভিত্তিতে দুপুর দেড়টার দিকে কাজে যোগ দেয় শ্রমিকরা। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এসপি মাহাবুবুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ইপিক-৩ কারখানার অপারেটর শারমিন বুধবার সকালে কাজ করার সময়ে মোবাইল ব্যবহার করায় তাকে বকাঝকা করে লাইনচিফ মিজান। এ নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে এক পর্যায়ে মিজান উত্তেজিত হয়ে ওঠে। অন্য শ্রমিকরা মিজানের আচরণের প্রতিবাদ জানালে মালিকপক্ষের লোকজন ঘটনাস্থলে এসে শ্রমিকদের উপর চড়াও হয়। এ ঘটনায় কারখানা দুটির প্রায় ছয় হাজার শ্রমিক কর্মবিরতি শুরু করে বিক্ষোভ করতে থাকে। “দুপুরে পৌনে ১২টার দিকে সময় মালিকপক্ষের লোকজন বিক্ষোভে বাধা দিলে শ্রমিকদের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। প্রায় আধা ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়”, যোগ করেন এসপি মাহাবুবুল। আহতদের মধ্যে রয়েছেন কারখানার দুজন উৎপাদন ব্যবস্থাপক (পিএম) গঙ্গা বাবু ও শেখ শওকত, সহকারী উৎপাদন ব্যবস্থাপক রাজিব হোসের রাজু, কোয়ালিটি ম্যানেজার সুভাষ বাবু, ফোরলাইন সুপারভাইজার জামান, অলিউল্লাহ, দেলোয়ার হোসেন, নুরুল ইসলাম, মঞ্জুরুল ইসলাম, নুর আলম, আহম্মেদ রাসেল, শ্রমিক ফাতেমা, শারমিন, রিনু বেগম, রেমা, সেলিম, নুরুল হক, আবুল কালামসহ আরো কয়েকজন। এসপি মাহাবুবুল আরো জানান, তাৎক্ষণিকভাবে অতিরিক্ত পুলিশ ও র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এএল/১৯০০ ঘ.