২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বহুবলে বাঁধ কাটা নিয়ে সংঘর্ষে আহত ৫০

হবিগঞ্জের বাহুবল উপজেলায় ১১টি গ্রামের লোকজনের সংঘর্ষে কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2012, 01:04 PM

Updated : 24 Aug 2022, 10:58 AM

হবিগঞ্জ, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হবিগঞ্জের বাহুবল উপজেলায় ১১টি গ্রামের লোকজনের সংঘর্ষে কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন। বুধবার সকাল ১২টার দিকে উপজেলার অলুয়া গ্রামে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ২০ রাউন্ড রাবার বুলেট ও ৫ রাউন্ড কাঁদানে গ্যাস নিক্ষেপ করে । গুরুতর আহত আহমদ আলীকে (৩৮) সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বাহুবল মডেল থানার ওসি সৈয়দুজ্জামান জানান, উপজেলার অলুয়া গ্রামের লোকজন ১৫-২০ দিন আগে স্থানীয় করাঙ্গী নদীর উপর একটি বাঁধ দেয়। বুধবার দুপুরে পার্শ্ববর্তী গোহারুয়া গ্রামের লোকজন ওই বাঁধ কেটে ফেলতে যান। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে। “এতে পার্শ্ববর্তী নোয়াবাদ, চন্দনিয়া, নন্দনপুর, বালিচাপড়া, নোয়াগাঁও, লালপুর, নিধনপুর, মিরজংলা ও সেনাকান্দি গ্রামের লোকজনও বিভিন্ন দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।” তিনি বলেন, খবর পেয়ে বাহুবল মডেল থানার ওসি সৈয়দুজ্জামানের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় পুলিশ ২০ রাউন্ড রাবার বুলেট ও পাঁচ রাউন্ড কাঁদানে গ্যাস ছোড়ে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এএল/১৯০৪ ঘ.