ঢাকা, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চিকিৎসায় অবহেলায় রোগীর মৃত্যু এবং চিকিৎসা সংক্রান্ত কাগজপত্রে জালিয়াতির মামলায় বারডেম হাসপাতালের চিকিৎসক রনি সুজন ক্লড সরকারকে তলব করেছে আদালত।
বুধবার ঢাকার মহানগর হাকিম উৎপল চৌধুরী তাকে আগামী ১৫ এপ্রিল আদালতে হাজির হতে বলেন।
মামলার বাদীর আইনজীবী মো. জালাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাদী আলী জাহির আল আমিন এই হাসপাতালের নাক কান গলা বিভাগের প্রধান। আর অভিযুক্ত এ হাসপাতালের জ্যেষ্ঠ মেডিক্যাল অফিসার।
বাদীর আইনজীবী ও নথিপত্র সূত্রে জানা যায়, গত বছরের ২৯ সেপ্টেম্বর ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে করা এ মামলায় আদালত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালকে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেয়।
বাদী দাবি করেন, ঢাকা মেডিক্যালের মেডিসিন বিভাগ অভিযুক্ত চিকিৎসকের পক্ষ নিয়ে মামলার কোনো সাক্ষীকে জিজ্ঞাসাবাদ না করে আদালতে একপেশে তদন্ত প্রতিবেদন দাখিল করে। এ কারণে এর বিরুদ্ধে না-রাজী আবেদন দাখিল করেন তিনি।
বুধবার বিচারক না-রাজী আবেদন মঞ্জুর করে অভিযুক্ত চিকিৎসককে আদালতে হাজির হতে বলেন।
মামলায় বলা হয়, বাদীর মা হাসনা হেনা আলী (৭০) ডায়াবেটিক রোগে আক্রান্ত ছিলেন। তিনি জ্বর, বমি ও তলপেটের ব্যাথা নিয়ে ভালো চিকিৎসার জন্য গত বছরের ২৯ অগাস্ট বারডেম হাসপাতালে আসেন।
হাসপাতালে তিনি অভিযুক্তের তত্ত্বাবধানে থাকা অবস্থায় হঠাৎ তার সারা শরীরে ইনফেকশন (সেপটিক শক) ছড়িয়ে পড়ে উল্লেখ করে মামলায় বলা হয়, ভর্তির ১২/১৩ ঘন্টা পর তিনি মারা যান।
অভিযুক্ত চিকিৎসক বাদীর মাকে প্রয়োজনীয় চিকিৎসা না দেওয়ায় তিনি মারা যান বলে মামলায় অভিযোগ করা হয়।
বাদী বলেন, রোগীর রের্কড ফাইল ডেথ রিভিউ কমিটিতে থাকার কথা থাকলেও সেটি সেখানে ছিল না। রেকর্ড ফাইলটি রোগীর মৃত্যুর প্রায় ১০ দিন পরও অভিযুক্তের নিজের কাছে বেআইনিভাবে গচ্ছিত ছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/পিডি/১৭৪৭ ঘ.
bdnews24