২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দীর্ঘ যানজট পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটে

ঢাকায় আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের সমাবেশে আগত নেতা-কর্মীদের গাড়ি ‘অগ্রাধিকার ভিত্তিতে’ পার করতে গিয়ে পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি ঘাটে আটকা পড়েছে প্রায় চার শতাধিক যানবাহন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2012, 09:07 AM

Updated : 24 Aug 2022, 10:58 AM

রাজবাড়ী, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকায় আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের সমাবেশে আগত নেতা-কর্মীদের গাড়ি ‘অগ্রাধিকার ভিত্তিতে’ পার করতে গিয়ে পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি ঘাটে আটকা পড়েছে প্রায় চার শতাধিক যানবাহন। আটক যানবাহনের মধ্যে ট্রাকের সংখ্যাই বেশি। যাত্রীবাহী বাসগুলো দু’তিন ঘণ্টা অপেক্ষার পর পারাপারের সুযোগ পাচ্ছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শী ও ঘাট কর্মকর্তারা। ট্রাকচালকরা অভিযোগ করেছেন, এ অবস্থায় ট্রাকে বহনকরা কাঁচামাল নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাটের স্টেশন ম্যানেজার তানভীর আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চারদলীয় জোটের মহাসমাবেশের কারণে দুইদিন ফেরি ঘাট বন্ধ থাকায় এমনিতেই গাড়ির চাপ ছিল। “বুধবার ঢাকায় আওয়ামী লীগের জনসভায় অংশ নিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নেতাকর্মীরা বাসে করে আসছেন। ফলে গাড়ির চাপ আরো তীব্র হচ্ছে।” তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনর্বহালের দাবিতে বিএনপির মহাসামবেশের একদিন পর বুধবার যুদ্ধাপরাধীদের বিচারে বাধা, দুর্নীতিবাজদের রক্ষা ও গণতান্ত্রিক শাসন ব্যবস্থার বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে এই জনসভা করছে ১৪ দল। তানভীর জানান, সকালের দিকে দুই পাড়ে প্রায় সাত-আটশ গাড়ি আটকে ছিল। দুই নৌপথে সাতটি রো রো ও একটি কে-টাইপসহ মোট আটটি ফেরি দিয়ে যানবাহন পারাপার অব্যাহত রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, দৌলতদিয়া জিরো পয়েন্ট থেকে ক্যানালঘাট পর্যন্ত প্রচুর যান আটকা রয়েছে। বেলা গড়াতে থাকলে এ চাপ আরো বাড়তে থাকবে বলে ধারণা করছেন তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৫০২ ঘ.