২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘জুনিয়রদের সঙ্গে পাল্লা দিয়ে ছুটতেন জামিল ভাই’

বয়স ৫৫ বছর হলেও কাজের সময় কনিষ্ঠদের প্রায় সময়ই হারিয়ে দিতেন আলোকচিত্র সাংবাদিক শওকত জামিল খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2012, 05:32 PM

Updated : 24 Aug 2022, 10:57 AM

নাসিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকা, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বয়স ৫৫ বছর হলেও কাজের সময় কনিষ্ঠদের প্রায় সময়ই হারিয়ে দিতেন আলোকচিত্র সাংবাদিক শওকত জামিল খান। মঙ্গলবার মারা যাওয়ার কয়েক ঘণ্টা আগেও ঢাকার এলিফ্যান্ট রোডে অগ্নিকাণ্ডের ছবি তুলেছিলেন তিনি। এরপর বিদায়ও নেন হাসিমুখে। ডেইলি স্টারের জ্যেষ্ঠ ফটো সাংবাদিক শওকত জামিল খান দুপুরে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানেই জীবনাবসান ঘটে তার। জামিলের স্ত্রী সাঈদা জামিল জানান, দুপুর ১২টার দিকে হঠাৎ অসুস্থ বোধ করলে হাসপাতালে যাওয়ার জন্য প্রস্তুতি নেওয়ার সময় অজ্ঞান হয়ে পড়ে যান তিনি। বারডেম হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের ধারণা, হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন এই আলোকচিত্রী। নাসির জানান, অসুস্থ হয়ে পড়ার আগে সকাল সাড়ে ৯টায়ও এলিফ্যান্ট রোডে কাপড়ে গুদামে আগুনের ছবি তুলেছিলেন তিনি। “প্রায় ঘণ্টাখানেক ছিলেন সেখানে। বিনয়ী হাসিমুখ জামিল ভাই কাজ সেরেই চুপচাপ চলে গেলেন। এটাই ছিল তার জীবনের শেষ অ্যাসাইনমেন্ট,” বলেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে ডিগ্রি নেওয়া জামিলের বাড়ি বরিশালে। ডেইলি স্টারে প্রায় ছয় বছর ধরে কাজ করেন তিনি। এর আগে দৈনিক খবর ও দৈনিক সংবাদেও কাজ করেছিলেন। নাসির বলেন, “সবসময়ই ব্যতিক্রম ছিলেন জামিল ভাই। জুনিয়দের সঙ্গে পাল্লা দিয়ে ছুটতেন।” দুদিন আগেই টিএসসির সামনে চায়ের দোকানের আড্ডার কথা স্মরণ করে তিনি বলেন, “আমাদের আড্ডায় হাজির হন প্রিয় জামিল ভাই। আমরা সবাই বললাম, ভাই চা খাবেন? চা খেতে খেতে শেষ কথা হয় সেদিনই।” “জামিল ভাইয়ের সঙ্গে দেখা হলেই মাথায় হাতটা রেখে বলতেন- কেমন আছ? আর কতদিন লাগবে পড়ালেখা শেষ করতে? আর কতদিন থাকবা এই পেশায়?” “বলতাম, জানি না ভাই। সেই জামিল ভাই আর নেই,” শোকাহত নাসির। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএনআই/এমআই/২৩৩০ ঘ.