চট্টগ্রাম, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কঠোর নিরাপত্তার মধ্য রোববার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ক্লাস-পরীক্ষাসহ অন্যান্য দাপ্তরিক কার্যক্রম চালু হচ্ছে।
এর দুদিন আগে শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ১০টি আবাসিক হল খুলে দেওয়া হবে বলে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়- সাধারণ শিক্ষার্থীদের জানমালের নিরাপত্তায় ক্যাম্পাসে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিয়োজিত থাকবে। ক্যাম্পাস ছাড়াও নগরীর বটতল ও ষোলশহর রেলস্টেশন, বিশ্ববিদ্যালয় ১ ও ২ নম্বর গেট এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তার দায়িত্বে থাকবে।
গত ৮ ফেব্র“য়ারি চবি ছাত্রলীগ ও ইসলামী ছাত্রশিবিরের সংঘর্ষে দুই শিক্ষার্থী নিহত হয়। এরপর থেকে চবি প্রশাসনের সিদ্ধান্তে বিশ্ববিদ্যালয় বন্ধ রয়েছে।
হলে বৈধ শিক্ষার্থীরা নিজ আসনে অবস্থান করবে এবং অবৈধ শিক্ষার্থী পাওয়া গেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়া হবে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে।
নিরাপত্তার স্বার্থে শাটল ট্রেনের বগিভিত্তিক সংগঠনের কার্যক্রমও নিষিদ্ধ করা হয়েছে। এর লঙ্ঘনকারীকে কঠোর শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, ক্যাম্পাস ও আশপাশের এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, মানববন্ধনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন আয়োজিত কর্মসূচি এই নিষেধাজ্ঞায় অন্তর্ভুক্ত হবে না।
ক্যাম্পাসের আশপাশের বেসরকারি কটেজে বসবাসরত শিক্ষার্থীদের ছবিসহ তালিকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে কটেজ মালিককে। নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/আরএ/১৯৪০ ঘ.
bdnews24