ঢাকা, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরে পুলিশ সুপার কার্যালয়ে গ্রেনেড বিস্ফোরণের ঘটনায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহেদীন বাংলাদেশের (জেএমবি) এক সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. মোতাহার হোসেন মঙ্গলবার এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আসামি মো. মামুনুর রশীদ ওরফে জাহিদের বাড়ি গাইবান্ধা জেলার সাঘাটা থানার বারকোনা গ্রামে। বিচারক তার উপস্থিতিতেই রায় ঘোষণা করেন।
রায় শোনার পর কাঠগড়ায় দাঁড়ানো জাহিদ বিচারকের কাছে রায়ের সত্যায়িত কপি চান। বিচারক নিয়ম মাফিক রায়ের কপি তার আত্মীয়দের কাছে পাঠিয়ে দেওয়া হবে বলে নিশ্চিয়তা দেন।
২০০৯ সালের ২০ ফেব্রুয়ারি গাজীপুরের টঙ্গী থানার থরতৈল পশ্চিমপাড়ার একটি বাড়ি থেকে ৫টি গ্রেনেড ও বিস্ফোরক তৈরির সরঞ্জামসহ জাহিদকে গ্রেফতার করে পুলিশ।
পরদিন গাজীপুরের পুলিশ সুপার কার্যালয়ে জাহিদকে নিয়ে সংবাদ সম্মেলন করার সময় উদ্ধার করা একটি গ্রেনেডে বিস্ফোরণ ঘটান জাহিদ।
রায়ের বিবরণে বলা হয়, গ্রেনেড বিস্ফোরণের ফলে ওই কার্যালয়ে উপস্থিত সাংবাদিক, পুলিশসহ ১৫/১৬ জন আহত হন।
এ ঘটনায় উপ-পরিদর্শক নাজমুল ইসলাম খান বাদী হয়ে জয়দেবপুর থানায় মামলা করেন।
মামলার বিচারকালে রাষ্ট্রপক্ষে ২২ জনের সাক্ষ্য গ্রহন করা হয়। রাষ্ট্রপক্ষে এ মামলা পরিচালনা করেন বিশেষ পিপি এস এম রফিকুল ইসলাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/জেকে/১৮০৯ ঘ.
bdnews24