চট্টগ্রাম, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উপাচার্য নিয়োগের দাবিতে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) শিক্ষক সমিতি।
মঙ্গলবার সমিতির সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় জানিয়ে সমিতির সাধারণ সম্পাদক মীর মোহাম্মদ সাকী কাউসার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আগামী ১৮ মার্চ সকালে ক্যাম্পাসে মৌন মিছিল, ২৫ মার্চ মানববন্ধন ও ২৭ মার্চ অবস্থান ধর্মঘট ও কর্মবিরতি পালন করা হবে।
বিশ্ববিদ্যালয় থেকে একজন প্রকৌশলী শিক্ষাবিদকে উপাচার্য নিয়োগের দাবিতে এই কর্মসূচি পালন করা হবে বলে জানান তিনি।
গত ২৮ জানুয়ারি চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. শ্যামল কান্তি বিশ্বাসের মেয়াদ শেষ হয়। এরপর এই পদে নতুন উপাচার্য নিয়োগ হয়নি।
স্বাকী কাউসার জানান, প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর কাছে সমিতির পক্ষ থেকে উপাচার্য নিয়োগের দাবিতে ফ্যাক্স বার্তা পাঠানো হয়েছে।
এদিকে একই দাবিতে ৪ মার্চ থেকে মঙ্গলবার পর্যন্ত সাধারণ শিক্ষার্থীরা ক্লাস বর্জন কর্মসূচি পালন করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৭৩৫ ঘ.
bdnews24