মুন্সীগঞ্জ, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুন্সীগঞ্জের গজারিয়ায় লঞ্চ দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান।
মঙ্গলবার দুপরে দুর্ঘটনাস্থল ঘুরে দেখে তিনি সাংবাদিকদের বলেন, “নিহতদের প্রত্যেকের পরিবারকে ত্রিশ হাজার টাকা করে দেওয়া হবে। তবে একই পরিবারের একাধিক ব্যক্তি মারা গিয়ে থাকলে পঁয়তাল্লিশ হাজার টাকা করে পাবে।”
নৌ পরিবহনমন্ত্রী দুপুর ২টার দিকে গজারিয়ার দুর্ঘটনাস্থলে পৌঁছান। এ মন্ত্রণালয়ের সচিব আব্দুল মান্নান হাওলাদার ছাড়াও ঊর্ধ্বতন কর্মকর্তারা তার সঙ্গে ছিলেন।
আধা ঘণ্টা সেখানে উদ্ধার কাজ তদারকির পর ঢাকার দিকে রওয়ানা হন মন্ত্রী। এছাড়া মুন্সীগঞ্জ-৩ আসনের সাংসদ এম ইদ্রিস আলী বেলা আড়াইটার দিকে ঘটনাস্থলে যান।
এমভি শরিয়তপুর-১ নামের দ্বিতল লঞ্চটি শরীয়তপুরের নড়িয়া থেকে ঢাকা যাওয়ার পথে সোমবার রাত আড়াইটার দিকে গজারিয়ার চরকিশোরী এলাকায় দুর্ঘটনায় পড়ে। উদ্ধার পাওয়া যাত্রীরা বলেছেন, একটি কার্গো জাহাজের সঙ্গে ধাক্কা লাগলে তাৎক্ষণিকভাবে লঞ্চটি ডুবে যায়।
এই ঘটনায় নৌ পরিবহন মন্ত্রণালয়, অভ্যন্তরীন নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এবং সমুদ্র পরিবহন অধিদপ্তর তিনটি তদন্ত কমিটি করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/জেকে/১৫১৬ ঘ.
bdnews24