নারায়ণগঞ্জ, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ সীমানায় মেঘনা সেতু এলাকা অবরুদ্ধ করে রেখেছে আওয়ামী লীগ কর্মীরা।
সোমবার সকাল থেকেই তাদের পুলিশের সামনেই হকিস্টিক, লাঠিসোটা নিয়ে মহাসড়কের যানবাহন থামিয়ে ভয়ভীতি দেখিয়ে যাত্রীদের নামিয়ে দিতে দেখা গেছে।
আ.লীগ নেতাকর্মীদের লাঠিসোটা বহন প্রসঙ্গে জানতে চাওয়া হলে সহকারী পুলিশ সুপার হেডকোয়ার্টার নারায়ণগঞ্জ সদর আব্দুর রহিম বলেন, “কেউ লাঠিসোটা নিয়ে মহড়া দিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”
আব্দুর রহিম বলেন, “কেউ যাতে মহাসমাবেশকে কেন্দ্র করে নাশকতা সৃষ্টি করতে না পারে সেজন্য পুলিশ রুটিন অনুযায়ী যানবাহনে তল্লাশি চালাচ্ছে। অযথা কাউকে হয়রানি করা হচ্ছে না।”
তবে অ্যাম্বুল্যান্স ও বিদেশ গমনকারীদের পাসপোর্ট চেক করে হয়রানি করা হয়েছে বলে কয়েকজন প্রত্যক্ষদর্শী অভিযোগ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এএল/১৪৪৫ ঘ.
bdnews24