মানিকগঞ্জ, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি ও লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল পুলিশ বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার রাত ১১টা থেকে লঞ্চ এবং রোববার রাত ৯টা থেকে পুলিশ ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে।
ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়ায় পাঁচ শতাধিক পণ্যবাহী ট্রাক এবং অন্তত অর্ধশত যাত্রীবাহী কোচ আটকা পড়ে থাকতে দেখা গেছে।
এদিকে মানিকগঞ্জে বিভিন্ন স্থান থেকে বিএনপির ৩৯ জন সমর্থককে আটক করা হয়েছে বলে সংশ্লিষ্ট থানার ওসিরা জানিয়েছেন। এদের মধ্যে সদর উপজেলা থেকে ২০ জন, শিবালয় থেকে ১০ জন, সিঙ্গাইর থেকে ৬ জন ও দৌলতপুর ৩ জনকে আটক করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এএল/১২০৩ ঘ.
bdnews24