২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উনি টাকা খেয়েছিলেন, সন্দেহ নেই: হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সপ্তম ও অষ্টম জাতীয় সংসদ নির্বাচনের আগে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের কাছ থেকে মোটা অংকের অর্থ নিয়েছিলেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2012, 11:55 AM

Updated : 24 Aug 2022, 10:57 AM

ঢাকা, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিঢোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সপ্তম ও অষ্টম জাতীয় সংসদ নির্বাচনের আগে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের কাছ থেকে মোটা অংকের অর্থ নিয়েছিলেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে শনিবার কুমিল্লা জেলা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, “১৯৯৬ সালেও উনি টাকা খেয়েছিলেন- এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আগামীতে এটাও বের হবে। ২০০১ সালে নিশ্চয়ই আরো মোটা অংকের টাকা এসেছিলো।” পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থার কাছ থেকে এ অর্থ এসেছিল বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, কেউ অন্য দেশের দালালী করলে তাদের ‘প্যাক করে’ ওই দেশে পাঠিয়ে দেওয়া উচিৎ। সোমবার ঢাকায় চার দলের মহাসমাবেশের বিষয়ে ইংগিত করে শেখ হাসিনা বলেন, “উনি যে কি অশান্তি সৃষ্টি করবেন- এটাই আমার চিন্তা।” কীভাবে জনগণের জানমালের নিরাপত্তা দেবেন- সেটাই এখন ভাবছেন বলে প্রধানমন্ত্রী জানান। সোমবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই মহাসমাবেশ থেকে আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করার কথা রয়েছে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার। তিনি ইতোমধ্যে বলেছেন, সরকার শান্তিপূর্ণভাবে এ কর্মসূচি পালন করতে না দিলে কঠোর কর্মসূচি ডদিতে তিনি বাধ্য হবেন। নাম উল্লেখ না করে বিরোধীদলীয় নেতার উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, “আন্দোলনের নামে বোমা মেরে মানুষ হত্যা করছেন। দেশের মানুষ শান্তিতে থাক- এটা তাদের ভালো লাগে না। আন্দোলনের নামে অরাজগতা সৃষ্টি করতে চাচ্ছেন।” বাংলাদেশের গণতন্ত্র নস্যাৎ করতে একটি গোষ্ঠী ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, “আইএসআইয়ের কাছ থেকে টাকা নিয়ে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন। আর, সাহায্য নিচ্ছেন পরাজিত শক্তির।” কুমিল্লা জেলা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে এই মতবিনিময় অনুষ্ঠানের মাধ্যমে তৃণমূল পর্যায়ে দলীয় সম্মেলন শেষ করারও তাগিদ দেন আওয়ামী লীগ সভনেত্রী হাসিনা। তিনি বলেন, সময়মতো কেন্দ্রীয় সম্মেলন করার জন্যই তৃণমূলের সম্মেলন করা জরুরি। বিডিনিউজ টোয়েন্টিঢোর ডটকম/এসইউএম/জেকে/১৭৪০ ঘ.