২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে গ্রেপ্তার ১৯০

চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৯০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2012, 11:15 AM

Updated : 24 Aug 2022, 10:57 AM

চট্টগ্রাম, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৯০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নগর বিএনপি দাবি, গ্রেপ্তারকৃতদের অধিকাংশই বিএনপির নেতা-কর্মী। সোমবার ঢাকায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই মহাসমাবেশ থেকে আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণার কথা রয়েছে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার। এ কর্মসূচি সামনে রেখে সারা দেশে গত দুই দিন ধরে ব্যাপক ধরপাকড় চালাচ্ছে পুলিশ। নগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) শফিকুল ইসলাম শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে শুক্রবার রাতভর নগরীর ১২টি থানা এলাকা থেকে ১৯০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি জানান, এতে নিয়মিত মামলা, মাদকবিক্রেতা ও মাদকসেবী, সন্দেহজনক আসামি রয়েছেন। কোন উদ্দেশ্য নিয়ে এসব গ্রেপ্তার করা হয়নি। তবে নগর বিএনপি সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সারারাতে কয়েকশ বিএনপি নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।” গ্রেপ্তার হয়রানি করে বিএনপি নেতাকর্মীদের ঢাকার সমাবেশে যাওয়া আটকে রাখতে পারবে না মন্তব্য করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/১৭০৭ ঘ.