২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির সমাবেশ বন্ধ করে দিন, পুলিশকে হানিফ

১২ মার্চের সমাবেশের পেছনে ষড়যন্ত্র রয়েছে দাবি করে পুলিশের প্রতি এই আহ্বান ক্ষমতাসীন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2012, 02:18 PM

Updated : 24 Aug 2022, 10:56 AM

ঢাকা, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধী দলের ১২ মার্চের কর্মসূচির পেছনে ষড়যন্ত্র রয়েছে দাবি করে তা বন্ধ করে দিতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ । সরকার প্রধানের এই বিশেষ সহকারী শুক্রবার আইন-শৃঙ্খলা বাহিনীর উদ্দেশে বলেছেন, “বিরোধী দলের ১২ মার্চসহ সব ধ্বংসাত্মক কর্মসূচি নিষিদ্ধ করুন। তা না হলে দেশের স্বাধীনতা ও স্বার্বভৌমত্ব ভূলুণ্ঠিত হবে। “১২ মার্চ বিএনপি ধ্বংসাত্মক কর্মকাণ্ড করতে চায়। তাছাড়া বিএনপির নেতা সাদেক হোসেন খোকা নিজেই ১২ মার্চ সংসদ সদস্য ও মন্ত্রীদের রাস্তায় বের হতে নিষেধ করেছেন।” জাসদ কেন্দ্রীয় কার্যালয়ে শুক্রবার ১৪ দলের ঢাকা মহানগরের প্রতিনিধি সভায় হানিফ এ কথা বলেন। তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনর্বহালের দাবিতে ১২ মার্চ ঢাকায় মহাসমাবেশ করছে বিএনপি। সরকারি দলের নেতাদের দাবি, এই কর্মসূচির মূল উদ্দেশ্য যুদ্ধাপরাধীদের বাঁচানো। স্বাধীনতার সপক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে হানিফ বলেন, “বিএনপি পাকিস্তানের এজেন্ট হিসেবে কাজ করছে। পাকিস্তানের পরামর্শে যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত করার জন্য তাদের ১২ মার্চের এই কর্মসূচি। এই কর্মসূচির পেছনে বিশাল ষড়যন্ত্র রয়েছে।” “পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের কাছ থেকে বিরোধীদলীয় নেতা টাকা নিয়ে নির্বাচন করেছেন। পাকিস্তানের অর্থায়ন ও পরামর্শেই বিএনপি চলে,” বলেন তিনি। বিএনপির সমাবেশের একদিন পর ১৪ মার্চ ঢাকায় মহাসমাবেশ করছে ১৪ দল। তার প্রস্তুতি নিয়েই জাসদ কার্যালয়ে ওই সভা হয়। সভায় ১৪ দলের ঢাকা মহানগরের সমন্বয়ক ও ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া আগামী ১১ মার্চ ঢাকায় মানববন্ধনের পরিবর্তিত ‘রুট’ জানান। সদরঘাট থেকে টঙ্গী সেতু পর্যন্ত এই মানববন্ধন হওয়ার কথা থাকলেও এখন তা গাবতলী থেকে যাত্রাবাড়ী পর্যন্ত হবে। সরকারকে বিব্রত করার জন্য বিরোধী দল পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে বলে দাবি করেন হানিফ। তিনি বলেন, কূটনৈতিক এলাকায় বিএনপি কার্যালয় হওয়ায় ওই এলাবার নিরাপত্তা বিঘিœত হচ্ছে। জাসদ সভাপতি হাসানুল হক ইনু বিরোধী দলের নীতিনির্ধারকদের উদ্দেশে বলেন, “১২ মার্চ বিএনপি যত বড় বা যত ছোট সমাবেশ করুক না কেন- ওই দিন সরকারের পতন হবে না। সরকারের মেয়াদপূর্ণ হওয়ার একদিন আগেও সরকারের পতন ঘটানো যাবে না।” ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, দেশ ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ১২ মার্চ আওয়ামী লীগের নেতাকর্মীরা এবং ঢাকার সংসদ সদস্যরা ‘মাঠে’ থাকবেন। জাসদের মীর হোসেন আক্তারের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন জাসদ নেতা শিরীন আখতার, ওয়ার্কার্স পার্টির নেতা আনিসুর রহমান মল্লিক, গণতন্ত্রী পার্টির নেতা নুরুর রহমান সেলিম, আওয়ামী লীগ নেতা এনামুল হক শামীম, হাজী সেলিম, আওলাদ হোসেন, শাহে আলম মুরাদ প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/২০১৫ ঘ.