ঢাকা, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দূতাবাস কর্মকর্তা খালাফ আল আলী হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত দল পাঠাতে চায় সৌদি আরব। আর তাতে সরকারের অমত নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি।
তিনি বৃহস্পতিবার তার কার্যালয়ে সাংবাদিকদের একথা জানান।
সৌদি নাগরিক খালাফ (৪৫) গত সোমবার মধ্যরাতে গুলশানে গুলিবিদ্ধ হন। পরদিন হাসপাতালে তার মৃত্যু হয়। খালাফের লাশ বৃহস্পতিবার সন্ধ্যায় সৌদি আরব পাঠানো হয়েছে।
খালাফের খুনিদের কাউকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা না গেলেও পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত এই তদন্তে আন্তর্জাতিক কোনো সহায়তা ঢাকার পক্ষ থেকে চাওয়া হয়নি।
খালাফ হত্যাকাণ্ড তদন্তে সৌদি আরব একটি দল পাঠানোর আগ্রহের কথা রিয়াদে বাংলাদেশি রাষ্ট্রদূতকে জানিয়েছে।
দীপু মনি বলেন, “তাদের জানানো হয়েছে, তারা আসতে চাইলে স্বাগত জানানো হবে। আমাদের মূল লক্ষ্য খুনিদের চিহ্নিত করে গ্রেপ্তার করা।”
এই ঘটনায় পুলিশ তদন্ত চলছে জানিয়ে তিনি আশা প্রকাশ করেছেন, খুনিরা অচিরেই গ্রেপ্তার হবে।
এখন পর্যন্ত আন্তর্জাতিক কোনো সহযোগিতা না চাওয়া হলেও পুলিশ চাইলে সে ব্যবস্থাও করা হবে বলে দীপু মনি জানান।
দূতাবাস কর্মকর্তা হত্যার এই ঘটনাকে ‘দুর্ভাগ্যজনক’ মন্তব্য করে মন্ত্রী বলেন, “এই ধরনের ঘটনা আমাদের প্রতিবেশী একটি দেশ এবং বিশ্বের অন্যপ্রান্তে ঘটলেও আমাদের দেশে এটাই প্রথম।”
তবে এই ঘটনার পরও সৌদি আরবের সঙ্গে সম্পর্কের অবনতি হবে না বলে মনে করছেন দীপু মনি। মন্ত্রী জানিয়েছেন, খুব শিগগিরই তিনি রিয়াদ যাবেন।
মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমা নিয়ে বিরোধে ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য লজ’র রায় হওয়ার দিন (১৪ মার্চ) জার্মানির হামবুর্গ থাকবেন পররাষ্ট্রমন্ত্রী। সেখান থেকে ফেরার পথে সৌদি আরব যাবেন তিনি।
ঢাকায় সৌদি নাগরিক হত্যার প্রতিক্রিয়ার আশঙ্কায় মধ্যপ্রাচ্যের দেশটিতে থাকা বাংলাদেশিদের মধ্যে ভীতি ছড়িয়ে পড়লেও তাদের আশ্বস্ত করে দীপু মনি বলেছেন, এ নিয়ে ভয়ের কিছু নেই।
সৌদি আরবে ২০ লাখের বেশি বাংলাদেশি রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এমআই/২১২৫ ঘ.
bdnews24