২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরের বন্ধুদের ‘ধর্ষণের’ শিকার নববধূ

বিয়ের ২৪ ঘণ্টার মধ্যে নিজের বাড়িতেই এক নববধূ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ ওঠেছে। বিষয়টি থানা-পুলিশে না গড়িয়ে এরই মধ্যে গ্রাম্য সালিশে রফাও হয়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2012, 02:45 PM

Updated : 24 Aug 2022, 10:56 AM

সিরাজগঞ্জ, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিয়ের ২৪ ঘণ্টার মধ্যে নিজের বাড়িতেই এক নববধূ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ ওঠেছে। বিষয়টি থানা-পুলিশে না গড়িয়ে এরই মধ্যে গ্রাম্য সালিশে রফাও হয়ে গেছে। সিরাজগঞ্জের সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের অলিদহ গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর স্বাস্থ্যগত পরীক্ষা না হলেও নাম প্রকাশ না করার শর্তে স্বজনরা দাবি করছেন- বরের তিন বন্ধু ওই কিশোরীকে ধর্ষণ করেন। গ্রামের লোকজন জানিয়েছেন, রোববার রাতে তাড়াশ উপজেলার পাগলা চকগোবিন্দপুর গ্রামের মজনু মিয়ার (২৫) সঙ্গে ওই কিশোরীর বিয়ে হয়। পরদিন সোমবার কনের বাড়িতে বর তার তিন বন্ধুসহ (পাগলা চকগোবিন্দপুর গ্রামের ওমর আলী ও মথুরাপুর গ্রামের এনামূল হক ও আরো একজন) বেড়াতে আসে। রাতে খাওয়া-দাওয়া শেষে বরের সামনেই ওই তিন জন নববধূকে পালাক্রমে ধর্ষণ করেন। এ সময় কিশোরীর চিৎকারে বাড়ির লোকজন এগিয়ে এসে ধর্ষকদের পিটুনি দিয়ে আটকে রাখে। তারা আরো জানিয়েছেন, এ ঘটনায় বুধবার সন্ধ্যায় রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলতাব হোসেনের সভাপতিত্বে সালিশ বৈঠক হয়। সালিশে ধর্ষকদের দেড় লাখ টাকা জরিমানা করার পাশাপাশি সিদ্ধান্ত হয় বিয়ে বিচ্ছেদের। অবশ্য ওই কিশোরীর বাবা এ বিষয়ে কথা বলতে অপারগতা প্রকাশ করে জানান, গ্রাম্য মাতব্বররা সালিশে বিষয়টি সমাধা করে দিয়েছেন। তাছাড়া তারা সাংবাদিকসহ বাইরের কাউকে এ বিষয়ে কথা বলতে নির্দেশ দিয়েছেন। সালিশের সভাপতি আলতাব হোসেন দাবি করেন, “মেয়ের পরিবারের সম্মতিতেই সালিশ বৈঠকের আয়োজন করা হয়েছিলো। উভয় পরিবারই সালিশের রায় মেনে নিয়েছে।” ধর্ষণের শাস্তি হিসেবে জরিমানা হিসেবে ১ লাখ ৪৮ হাজার টাকা ওই কিশোরীর পরিবারকে দেওয়া হয়েছে বলেও জানান তিনি। এ বিষয়ে সলঙ্গা থানার ওসি ওবাইদুল হক বলেন, “এমন ঘটনা আমার জানা নেই। কেউ থানায় অভিযোগও করেনি।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/২০২২ ঘ.