সাতক্ষীরা, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরা সদরের কুশখালি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গুলিতে আহত এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে তারা।
বুধবার ভোরে এই ঘটনা ঘটেছে। দুপুরে বিষয়টি নিয়ে বিজিবি ও বিএসএফ’র অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক হয়েছে।
আহত রহুল কুদ্দুস সরদার (৩২) সদরের হাওয়ালখালি গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে।
তাকে ভারতের বিএসএফ সদস্যরা উত্তর চব্বিশ পরগণা জেলার বসিরহাট মহাকুমায় একটি ক্লিনিকে ভর্তি করেছে বলে বিজিবি জানিয়েছে।
কুশখালি কোম্পানি কমান্ডার মো. সুলতান জানান, রুহুল কুদ্দুসসহ কয়েকজন রাখাল ভারত থেকে গরু আনার সময় ভারতের খলিশা ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোঁড়ে। এতে রুহুল আহত হন।
সুলতান জানান, এ ঘটনায় পতাকা বৈঠকে বিজিবি প্রতিবাদ জানিয়েছে।
বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্বে দেন সাতক্ষীরা ৩৮ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মো. আবু বাছির এবং বিএসএফের পক্ষে ছিলেন কমান্ডেন্ট হারমিট শিং।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/২০১৭ ঘ.
bdnews24