২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পানি আইনের খসড়ায় মতামতের সময় বৃদ্ধি দাবি

‘বাংলাদেশ পানি আইন-২০১২’ আইনের খসড়ায় জনগণের মতামত দেওয়ার সময় আরো দুই মাস বাড়ানোর দাবি জানিয়েছে চট্টগ্রামের বিভিন্ন স্তরের মানুষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2012, 01:15 PM

Updated : 24 Aug 2022, 10:55 AM

চট্টগ্রাম, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ‘বাংলাদেশ পানি আইন-২০১২’ আইনের খসড়ায় জনগণের মতামত দেওয়ার সময় আরো দুই মাস বাড়ানোর দাবি জানিয়েছে চট্টগ্রামের বিভিন্ন স্তরের মানুষ। বুধবার সকাল ১১টায় চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন, স্বাক্ষর সংগ্রহ ও প্রদর্শনীর মাধ্যমে এই দাবি জানানো হয়। পরে একই দাবিতে সমাবেশ হয়। কর্মসূচিতে শিক্ষক, শিক্ষার্থী, বস্তিবাসী, কৃষক, জেলে, সংস্কৃতিকর্মী, রাজনীতিবিদ ও বিভিন্ন পেশাজীবী অংশ নেয়। ১৯৯৯ সালে জাতীয় পানিনীতি বাস্তবায়নের লক্ষ্যে পানিসম্পদ মন্ত্রণালয় বাংলাদেশ পানি আইন-২০১২’র একটি খসড়া প্রণয়ন করে। এই খসড়ায় জনগণের মতামত চেয়ে ৮ মার্চ পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয় যা যথেষ্ঠ নয় বলে মনে করেন কর্মসূচিতে অংশ নেওয়া ব্যক্তিরা। সমাবেশ বক্তব্য দেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাউন্সিলর রেহেনা বেগম রানু, পরিবেশ কর্মী শরিফ চৌহান, পিএইচটিসি প্রকল্প সমন্বয়কারী রফিকুল ইসলাম মজুমদার, চট্টগ্রাম নাগরিক উদ্যোগের মোস্তফা হাবিব প্রমুখ। এছাড়া কর্মসূচিতে চট্টগ্রাম সরকারি কলেজের অধ্যাপক ইদ্রিস আলী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন শ্যামল, আঞ্চলিক দৈনিক সুপ্রভাত বাংলাদেশ’র সিটি এডিটর এম নাসিরুল হক প্রমুখ উপস্থিত ছিলেন। সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সংশপ্তক, চট্টগ্রাম নাগরিক উদ্যোগ, উত্তরণ, জিআরওডব্লিউ ও সিএসআরএল’র যৌথ আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/১৯১৬ ঘ.