ঢাকা, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলা একাডেমীতে এক সেমিনারে বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণটি অবিকৃতভাবে সংরক্ষণের তাগিদ দেওয়া হয়েছে।
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বুধবার একাডেমীতে এক বক্তৃতা অনুষ্ঠানে এই তাগিদ দেওয়া হয়। এতে বাংলা একাডেমীর সভাপতি অধ্যাপক আনিসুজ্জামান সভাপতিত্ব করেন।
১৯৭১ সালের ৭ মার্চ রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান লাখো মানুষের সমাবেশে বলেন, “এবারের সংগ্রাম, আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।,,,,, ঘরে ঘরে দুর্গ গড়ে তোল।”
তার ওই ভাষণেই সশস্ত্র যুদ্ধের দিক-নির্দেশনা পায় বাঙালি, এরপর ২৬ মার্চ শুরু হয়ে নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পথ বেয়ে আসে স্বাধীনতা।
একক বক্তৃতায় ড. ফিরোজ মাহমুদ বলেন, “বঙ্গবন্ধু ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের আক্ষরিক ও তাত্ত্বিক মূল্যায়ন অনেকে করলেও এখন অবধি তা সম্পূর্ণরূপে ও সঠিকভাবে কোনো গ্রন্থে লিপিবদ্ধ হয়নি।”
“হাসান হাফিজুর রহমান সম্পাদিত দলিলপত্রে এই ঐতিহাসিক ভাষণটি লিপিবদ্ধ হলেও তার প্রতিটি লাইনে ভুল। আমরা কতটা দায়িত্বহীনতার পরিচয় দিতে পারি, এই দলিলটি তার চরম দৃষ্টান্ত,” আক্ষেপ প্রকাশ করেন তিনি।
বঙ্গবন্ধুর সেই ভাষণ সঠিকভাবে উদ্ধার করা যাবে কি না- সে বিষয়ে সংশয় প্রকাশ করে ফিরোজ মাহমুদ বলেন, “জাতীয় জাদুঘরে আমরা চেষ্টা করছি সম্পূর্ণ ভাষণটি উদ্ধার করতে এবং সঠিকভাবে লিপিবদ্ধ করতে।”
অনুষ্ঠানে অধ্যাপক আনিসুজ্জামান বলেন, “বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণটি ছিল স্বাধীনতা যুদ্ধের সবুজ সঙ্কেত। যারা এই সবুজ সঙ্কেত দেখতে পায়নি, তাদের কাছেই এটা অন্যরকম লেগেছে। তারাই ভাষণটি বিকৃত করেছে।”
“বঙ্গবন্ধুর সেই ভাষণ ছিল পৃথিবীর শ্রেষ্ঠ ভাষণ। জিয়াউর রহমনসহ অনেকেই স্বীকার করেছেন, এটা ছিল অন্যরকম এক ভাষণ। আমরা এখনো সেই ভাষণ থেকে অনুপ্রেরণা খুঁজে পাই,” বলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪৫৫ ঘ.
bdnews24