ঢাকা, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগের ৭ মার্চের ‘গণ-র্যালি’ সামনে রেখে ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে রাজধানীর সড়কগুলোতে। সেইসঙ্গে যাত্রীবাহী বাস সংকটে ভোগান্তি বেড়েছে যাত্রীদের।
বুধবার বিকাল ৩টায় সোহরাওয়ার্দী উদ্যান থেকে আওয়ামী লীগের ৭ মার্চের শোভাযাত্রা শুরু হওয়ার কথা। এর আগে সেখানে এক সমাবেশে বক্তব্য রাখার কথা রয়েছে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার।
সংশ্লিষ্টরা বলছেন, এ কর্মসূচি উপলক্ষে নেতাকর্মীরা সকাল থেকে সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় আসা শুরু করায় আশেপাশের সড়কগুলোতে ব্যাপক চাপ পড়ে। আর এর প্রভাবে রাজধানীর অন্য প্রধান সড়কগুলোতেও সৃষ্টি হয় যানজট।
দুপুরে শাহবাগ থেকে মৎস্য ভবন পর্যন্ত সড়কে যানচলাচল বন্ধ করে দেওয়ার পর যানজট মারাত্মক রূপ ধারণ করে।
পুলিশের অতিরিক্ত উপ কমিশনার মাসুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পুলিশ যানজট কমিয়ে আনার জন্য সাধ্যমতো চেষ্টা করছে।”
বেলা ১১টার পর থেকে উত্তরা থেকে শাহবাগ এবং মহাখালী মগবাজার হয়ে মতিঝিল পর্যন্ত সড়কেও ব্যাপক যানজট দেখা যায়। গাবতলি থেকে শাহবাগ পর্যন্ত সড়কেও যান চলাচল হয় অত্যন্ত ধীর গতিতে।
এদিকে এই যানজটের মধ্যে যাত্রীবাহী বাসের সংখ্যা কম হওয়ায় আরো বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা। ৭ মার্চের কর্মসূচিতে নেতাকর্মীদের নিয়ে যাওয়ার জন্য মঙ্গলবার রাতেই অনেক বাস ভাড়া হয়ে গেছে বলে সংশ্লিষ্টরা জানান।
মোহাম্মদপুর থেকে মতিঝিলগামী গণপরিবহণের মালিক সালাউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তার তিনটি বাস গণ-র্যালির জন্য ভাড়া হয়েছে। দুপুর ২টায় বাসগুলো যাত্রী নিয়ে শাহবাগ পর্যন্ত যাবে।
একই কথা জানালেন মিরপুরের বাস চালক শাহীন। বেলা ১২টা পর্যন্ত মিরপুর থেকে ফার্মগেট পর্যন্ত যাত্রী পরিবহন করলেও ২টার দিকে শোভাযাত্রার জন্য লোক নিয়ে শাহবাগে যাওয়ার কথা রয়েছে তার।
ট্রাফিক পুলিশের পরিদর্শক মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রতিদিনের তুলনায় রাজধানীতে সাধারণ বাসের সংখ্যা অনেক কম। যানজটে প্রাইভেট কারই বেশি দেখা যাচ্ছে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জেকে/১৪১০ ঘ.
bdnews24