২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘এবারের সংগ্রাম ... মুক্তির সংগ্রাম’

বাংলাদেশের মানুষকে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে ডাক দেওয়ার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই ঐতিহাসিক ভাষণের দিন ফিরে এল আবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2012, 06:05 PM

Updated : 24 Aug 2022, 10:55 AM

ঢাকা, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-“এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।” সুদীর্ঘকালের আন্দোলনের এক পর্যায়ে ১৯৭১ সালের এই দিনে সোহরাওয়ার্দী উদ্যানে (তৎকালীন রেসকোর্স ময়দান) বিশাল জনসমুদ্রে দাঁড়িয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা সংগ্রামের ডাক দেন। এ দিন লাখ লাখ মুক্তিকামী মানুষের জনসমুদ্রে এই নেতা বজ্রকণ্ঠে ঘোষণা করেন, “রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।” ৭ মার্চ তার এই উদ্দীপ্ত ঘোষণায় বাঙালি জাতি পায় স্বাধীনতার দিক নির্দেশনা। এরপরই দেশের মুক্তিকামী মানুষ ঘরে ঘরে চূড়ান্ত লড়াইয়ের প্রস্তুতি নিতে শুরু করে। বঙ্গবন্ধুর এই ভাষণের ১৮ দিনের মাথায় নিরস্ত্র বাঙালির ওপর ‘অপারেশন সার্চ লাইট’ নিয়ে হামলে পড়ে পাকিস্তানি সেনাবাহিনী। আওয়ামী লীগ ভিন্নভাবে পালন করবে এবার এই দিনটিকে ভিন্নভাবে পালন করতে যাচ্ছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। একদিকে, ঐতিহাসিক এই দিনটি পালন এবং অন্যদিকে বিরোধীদলের বহুল আলোচিত সমাবেশের আগে নিজেদের সাংগঠনিক শক্তি প্রদর্শন- দুটি বিষয়ই প্রাধান্য পাচ্ছে আওয়ামী লীগের কাছে। আওয়ামী লীগ সভানেত্রী ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে দিনটিতে রাজধানীতে ‘গণ র‌্যালি’ করবে আওয়ামী লীগ। সরকারপ্রধানের দায়িত্ব দেওয়ার পরই এবারই শেখ হাসিনা কোনো শোভাযাত্রায় অংশ নিচ্ছেন। সোহরাওয়ার্দী উদ্যান থেকে বুধবার বিকাল ৩টা থেকে এই শোভাযাত্রা শুরু হওয়ার কথা। শোভাযাত্রার আগে সমাবেশে বক্তব্য রাখবেন শেখ হাসিনা। শোভাযাত্রা সফল করতে সব প্রস্তুতি শেষ করেছে আওয়ামী লীগ। ইতিমধ্যে, শোভাযাত্রার আগে সমাবেশের জন্য মঞ্চ তৈরি হয়ে গেছে। স্বাধীনতার সপক্ষের সবাইকে এই শোভাযাত্রা অংশ নেওয়ার আহবান জানান হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ। শোভাযাত্রায় ব্যাপক জনসমাগমের নিশ্চিত করতে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি দলীয় সাংসদ, ঢাকা মহানগর, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ, গাজীপুর ও নরসিংদী জেলা আওয়ামী এবং সহযোগী সংগঠনগুলো কাজ করে যাচ্ছে। লাখ-লাখ জন সমাগমের আশা এই শোভাযাত্রা সফল করতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বেও দলের একটি যৌথসভা অনুষ্ঠিত হয় গত শনিবার। ওই বৈঠকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য, ঢাকার সাংসদ, সহযোগী সংসঠনগুলোর নেতৃবৃন্দ, ঢাকা মহানগর এবং নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ, গাজীপুর ও নরসিংদী জেলা আওয়ামী লীগের নেতারা যোগ দেন। সে বৈঠকে শেষ হাসিনা নির্দেশ দেন, ঢাকা মহানগরীর প্রত্যেক ওয়ার্ড থেকে ‘কালার ফুল’ মিছিল নিয়ে শোভাযাত্রায় যোগ দিতে। এর আগে গত বুধবার, একই রকম এক যৌথসভা অনুষ্ঠিত হয় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে। এই র‌্যালির প্রস্তুতির বিষয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তাদের লক্ষ্য ঢাকার এক’শ ওয়ার্ড ও ১৮টি ইউনিয়ন থেকে লোক সমাগম ঘটানো। ঢাকা আওয়ামী লীগের পক্ষ থেকে কয়েক লাখ লোক সমাগম নিশ্চিত করার বিষয়ে আশাবাদী মুরাদ। মুরাদ বলেন, “শুধু ঢাকা মহানগর আওয়ামী লীগই নয়, আমাদের সহযোগী সংগঠন এবং ঢাকার আশে-পাশের জেলা থেকেও নেতা-কর্মী ও সমর্থক আসবে।” ঢাকা মহানগর আওয়ামী লীগের লক্ষ্য প্রত্যেক ওয়ার্ড থেকে অন্তত দু’হাজার জন লোকের একেকটি মিছিল আনা। এদিকে, যুবলীগের নেতা-কর্মীদের বুধবার বেলা ১২টার মধ্যে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হতে বলা হয়েছে। দুপুর ২টার মধ্যে তারা সোহরাওয়ার্দী উদ্যান এবং আশেপাশের এলাকায় অবস্থান নেবে। যুবলীগের নেতা-কর্মীরা শোভাযাত্রায় লাল, সবুজ ও হলুদ রঙের টি-শার্ট পড়ে আসবেন। এদিকে, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তারা ঢাকার প্রতিটি থানা থেকে মিছিল নিয়ে দুপুরের আগেই সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হবেন। শেখ হাসিনা শোভাযাত্রা উদ্বোধন করে চলে যাবেন, নাকি তিনি এই শোভাযাত্রার শেষ পর্যন্ত থাকবেন- সে বিষয়ে নিশ্চিত করে আওয়ামী লীগের কেউ বলতে পারেননি। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বিবৃতি দিয়েছেন। ‘ বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল সোনার বাংলা’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গভীর শ্রদ্ধায় স্মরণ করে মো. জিল্লুর রহমান বলেন, “বাঙালি জাতির ইতিহাসের মহানায়ক বঙ্গবন্ধুর সারা জীবনের লালিত স্বপ্ন ছিল বাংলাদেশকে ‘সোনার বাংলা’য় রূপান্তর করা। জাতির পিতার স্বপ্ন আজো পূরণ হয়নি। ক্ষুধা, দারিদ্র্য, কুসংস্কারসহ বৈশ্বিক জলবায়ুর নেতিবাচক প্রভাবের বিরুদ্ধে প্রতিনিয়ত আমাদের সংগ্রাম করতে হচ্ছে। এ সংগ্রামে আমাদের জিততে হবে, বাংলাদেশকে সমৃদ্ধ দেশে পরিণত করতে হবে।” বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণকে অন্যতম শ্রেষ্ঠ রাজনৈতিক ভাষণ হিসাবে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, “বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের মধ্য দিয়ে সমগ্র বাঙালি জাতি যেভাবে ঐক্যবদ্ধ হয়েছিল, তেমনি আরেকবার ঐক্যবদ্ধ হয়ে দিন বদলের সনদ বাস্তবায়ন করে আমরা আমাদের কাক্সিক্ষত লক্ষ্যে উপনীত হব- এই হোক আজকের দিনের অঙ্গীকার।” ‘গণর‌্যালি’ ছাড়াও দিবসটি যথাযথ মর্যাদায় পালনের জন্য আওয়ামী লীগের পক্ষ থেকে বিস্তারিত কর্মসূচি নেওয়া হয়েছে। এ কর্মসূচির মধ্যে রয়েছে বুধবার ভোর সাড়ে ৬টায় বঙ্গবন্ধু ভবন ও দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং সকাল ৭টায় বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন। দিবসটি উপলক্ষে বাংলাদেশ বেতার, টেলিভিশন ও বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলো বিশেষ অনুষ্ঠান স¤প্রচার এবং জাতীয় পত্রপত্রিকা বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করবে। ‘ ভাইয়েরা আমার,...’ বঙ্গবন্ধু ’৭১-এর সাত মার্চ মঞ্চে আরোহণ করেন বিকেল ৩টা ২০ মিনিটে। তখন পুরো সোহরাওয়ার্দী উদ্যান লাখ লাখ বাঙালির ‘তোমার দেশ আমার দেশ বাংলাদেশ বাংলাদেশ, তোমার নেতা আমার নেতা বঙ্গবন্ধু শেখ মুজিব’ শ্লোগানে মুখরিত হয়ে ওঠে। তিনি তার দরাজ গলায় ভাষণ শুরু করেন, “ভাইয়েরা আমার, আজ দুঃখ-ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি...।” মাত্র ১৯ মিনিটের ভাষণ। এই স্বল্প সময়ে তিনি তৎকালীন পূর্ব পাকিস্তানের বঞ্চনার পুরো ইতিহাস তুলে ধরেন। তিনি সামরিক আইন প্রত্যাহার, জনগণের প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর, গোলাগুলি ও হত্যা বন্ধ করে পাকিস্তানি সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নেওয়া এবং বিভিন্ন স্থানে হত্যাকাণ্ডের তদন্তে বিচার বিভাগীয় কমিশন গঠনের দাবি জানান। বঙ্গবন্ধুর ভাষণের শেষ দু’টি বাক্য পরবর্তীতে বাঙালির স্বাধীনতার চূড়ান্ত লড়াইয়ের দিক-নির্দেশনা ও প্রেরণার হাতিয়ারে পরিণত হয়। বঙ্গবন্ধু বলেন, “রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব। এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ।” “এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/০০০১ ঘ.