ঢাকা, মার্চ ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাদ্যে ভেজাল রোধে প্রচলিত আইন সংশোধন করে শাস্তির পরিমাণ বাড়াতে বলেছে শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
মঙ্গলবার সংসদে স্থায়ী কমিটির উপস্থাপিত প্রতিবেদনে এ সুপারিশ করা হয়।
‘খাদ্যে ভেজাল রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের বিষয়ে’ কমিটির এ প্রতিবেদন সংসদে উপস্থাপন করেন কমিটির সভাপতি তোফায়েল আহমেদ।
গত ২৪ অক্টোবর সংসদ অধিবেশনে আওয়ামী লীগের সংসদ সদস্য রফিকুল ইসলাম খাদ্যে ভেজাল রোধের বিষয়ে ৭১ বিধিতে একটি নোটিস দেন।
পরে এ বিষয়ে আলোচনাও হয়। আলোচনার পরে ওই সময়ে অধিবেশনে সভাপতিত্বকারী ডেপুটি স্পিকার শওকত আলী বিষয়টি প্রতিবেদন সংসদীয় কমিটিতে পাঠান।
মঙ্গবার প্রতিবেদন উপস্থাপনকালে কমিটি সভাপতি জানান, ভেজাল রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার বিষয়টি গুরুত্বপূর্ণ। কারণ ভেজাল খাদ্যে মানুষের কিডনি ও লিভার ক্ষতিগ্রস্ত হয়। এ ছাড়া স্বাস্থ্যগত আরো বিভিন্ন সমস্যা দিন দিন বেড়ে যাচ্ছে।
নোটিস উত্থাপনকারী সদস্য রফিকুল ইসলাম বলেন, “এটা জাতির জন্য স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ। রাজনৈতিক অঙ্গনে ভেজাল সামলাতে পারবো। কিন্তু খাদ্যে ভেজালে জাতির স্বাস্থ্য নষ্ট হয়ে যাচ্ছে। চিরতরে তা বন্ধ করতে যা করা দরকার তাই করতে হবে।”
তিনি আবারো বিষয়টি স্থায়ী কমিটিতে পাঠাতে স্পিকারকে অনুরোধ করেন।
অবশ্য এ ধরনের বিধি নেই- উল্লেখ করে তা নতুন বিল আকারে উপস্থাপনের পরামর্শ দেন অধিবেশনে সভাপতিত্বকারী ডেপুটি স্পিকার শওকত আলী।
প্রতিবেদনের চার সুপারিশে আরো বলা হয়, ভোগ্য পণ্যের ভেজাল রোধে কৃষি, খাদ্য, বাণিজ্য মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার বিভাগ, মন্ত্রিপরিষদ বিভাগ ও ওষুধ প্রশাসন অধিদপ্তরের সমন্বয়ে কার্যক্রম নেওয়া প্রয়োজন।
কমিটি মনে করে ন্যাশনাল ফুড সেফটি কাউন্সিলকে সক্রিয় করলে খাদ্যে ভেজাল রোধ করা সম্ভব। এ ছাড়া খাদ্যে ভেজাল রোধে স্থানীয় প্রশাসনকে আরো বেশি তৎপর হওয়ার সুপারিশ করেছে কমিটি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসইউএম/এএল/১৯০৭ ঘ.
bdnews24