মাগুরা, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাগুরার শালিখায় লালন স্মরণোৎসবে মাদ্রাসা ছাত্র-শিক্ষকরা হামলা চালিয়ে মঞ্চ ভাংচুর এবং অন্তত ১০ বাউল সাধককে মারধরের ঘটনার প্রতিবাদে জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে।
মঙ্গলবার দুপুর ১২টায় শহরের চৌরঙ্গীর মোড়ে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বাউল সাধক-সংস্কৃতি কর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেয়।
উপজেলার পুলুম গোলাম সরোয়ার হাইস্কুল মাঠে লালন স্মরণোৎসবে শনিবার রাত সাড়ে ১০টার দিকে কাটিগ্রাম কওমি মাদ্রাসা ও দেশমুখপাড়া কওমি মাদ্রাসার শিক্ষক-ছাত্ররা একত্রিত হয়ে পুলিশের সামনেই এ হামলা চালায়।
রোববার রাতে এ ঘটনায় মামলা দায়েরের পর পুলিশ তিন জনকে গ্রেপ্তার করে। হামলাকারীরা এখনো হুমকি দিচ্ছে বলে জানায় আয়োজক সংস্থা পুলুম লালন সাংস্কৃতিক স্মৃতি সংঘের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন।
মানববন্ধন চলাকালে সমাবেশে বক্তব্য রাখেন বাউল সেবা সংঘের মনোরঞ্জন বসু, কবিরাজ তপন কুমার বসু, ডা. ইসমাইল সাঁইজি, কবি বিকাশ মজুমদার, কবি বি এম এ হালিম, কমিউনিস্ট পার্টির জেলা নেতা এ টি এম আনিসুর রহমান, এড. কাজী মিনহাজ উদ্দিন, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক রূপক আইচ, উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক বিশ্বজিৎ চক্রবর্তী প্রমুখ।
তারা অভিযোগ করে বলেন, এখনো আয়োজকদেরকে হামলাকারীরা নানাভাবে হুমকি দিয়ে যাচ্ছে। মামলা দায়েরের পরও পুলিশ মূল আসামিদের গ্রেপ্তার করছে নাএ
অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার না হলে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে জানান তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৫১৫ ঘ.
bdnews24