ঢাকা, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীরা এখন থেকে অনলাইনেই সরকারি ভাতার জন্য আবেদন করতে পারবেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার তার কার্যালয়ে বেসরকারি শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্ট এবং অবসর সুবিধা বোর্ডের এ অনলাইন আবেদন ব্যবস্থার উদ্বোধন করেন ।
এর ফলে এখন থেকে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীরা অনলাইনে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে, এমনকি ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্র থেকে আবেদন করতে পারবেন। এরপর অল্প সময়ের মধ্যে নিজ বাড়িতে বসেই তাদের প্রাপ্য টাকা পাবেন।
প্রধানমন্ত্রী উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, “প্রযুক্তি ব্যবহার করে জীবনযাত্রার মান কী ভাবে আরো উন্নত করা যায় এবং আমাদের মৌলিক চাহিদাগুলো যেনো পূরণ হয় সেটাই আমাদের লক্ষ্য।”
বেসরকারি শিক্ষক কর্মচারীদের অবসরকালীন আর্থিক সুবিধা প্রদান করছে সরকার। এ লক্ষ্যে শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্ট ও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী অবসর বোর্ডের মাধ্যমে ছয় লক্ষ শিক্ষক-কর্মচারীর কল্যাণ নিশ্চিত করা হয়েছে।
দারিদ্রমুক্ত হওয়ার লক্ষ্যে শিক্ষিত জাতি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে শেখ হাসিনা বলেন, “জাতিকে শিক্ষার মাধ্যমে আলোকিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন শিক্ষক সমাজ। কিন্তু, এই শিক্ষক সমাজ অতীতে অনেক ক্ষেত্রেই অবহেলিত হয়েছে। তাই শিক্ষকদের কল্যাণে বর্তমান সরকার অত্যন্ত আন্তরিক।”
বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের শাসনামলে পুরো পাঁচ বছর কল্যাণ ট্রাস্টের কর্মকাণ্ড বন্ধ ছিল বলে উল্লেখ করেন শেখ হাসিনা।
সরকার শিক্ষকদের জন্য পৃথক কর্মকমিশন এবং স্থানীয় পর্যায়ে শিক্ষা সংশ্লিষ্ট সমস্যা সমাধানে শিক্ষা প্রশাসন ব্যবস্থা বিকেন্দ্রীকরণের চিন্তাভাবনা করছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, “আমি মনে করি শিক্ষকদের নিয়োগ, বেতন ভাতা, সুযোগ-সুবিধা ও অবসরের বিষয় দেখাশুনার জন্য বিশেষ ব্যবস্থা থাকা প্রয়োজন। তাদের ওপরই আমাদের সোনার ছেলেদের গড়ে তোলার দায়িত্ব ন্যস্ত।”
“কিন্তু আমাদের সম্পদের সীমাবদ্ধতা রয়েছে এবং চলমান বৈশ্বিক অর্থনৈতিক মন্দার প্রেক্ষাপটে আপনাদের অপেক্ষা ও ধৈর্য ধারণ করতে হবে”, বলেন তিনি।
শিক্ষা প্রশাসন ব্যবস্থা বিকেন্দ্রীয়করণ পরিকল্পনার আওতায় প্রাথমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনার দায়িত্ব উপজেলা কর্মকর্তা এবং মাধ্যমিকের দায়িত্ব জেলা পর্যায়ে ন্যস্ত করা হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সরকারের হাতে কেবল অর্থ বরাদ্দ ও তদারকির বিষয় থাকবে।
প্রতিবন্ধী ও দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের প্রতি বিশেষ যতœ নিতে শিক্ষকদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা আলাউদ্দিন আহমেদ, শিক্ষা সচিব কামাল আব্দুল নাসের চৌধুরী, সাপোর্ট টু ডিজিটাল বাংলাদেশ প্রকল্পের জাতীয় প্রকল্প প্ররিচালক নজরুল ইসলাম খান এবং বেসরকারি শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্ট ও অবসর সুবিধা বোর্ডের সদস্য সচিব অধ্যক্ষ্য আসাদুল হক।
স্বাগত বক্তব্য রাখেন, বেসরকারি শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের সদস্য সচিব অধ্যক্ষ্য শাহজাহান আলম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/আরএ/১৭৪৫ ঘ.
bdnews24