বরিশাল, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালের উজিরপুর উপজেলায় ডাকাত সন্দেহে দুই জনকে আটক করে গণধোলাইয়ের পর পুলিশে সোর্পদ করেছে স্থানীয় জনতা।
উজিরপুর থানার ওসি সুকুমার রায় জানান, সোমবার রাত সাড়ে ১১টার দিকে উজিরপুরের বাহেরহাট গ্রামে এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন- উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের বাহেরঘাট গ্রামের নুর ইসলামের ছেলে মো. বেল্লাল (২৫) ও পশ্চিম ধামুড়া দাইররা বাড়ির মো. সেকান্দারের ছেলে সাইদুল (২৬)।
এ সময় তাদের কাছ থেকে দুটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
বাহেরহাট গ্রামের বাসিন্দা মো. নবীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাহেরহাট গ্রামের হাচেন আলীর ঘরে ৭/৮ জনের একটি ডাকাত দল হানা দেয়। এ সময় প্রতিবেশীরা টের পেয়ে ডাকাতদের ধাওয়া করে।
তিনি বলেন, “ধাওয়া খেয়ে হাচেন আলীর ঘরের পাশের গাছে উঠে দুই জন আমাদরে হাতে ধরা পড়ে। তবে অন্যরা পালিয়ে যায়।”
নবীন জানান, সোমবার ব্যাংক থেকে তিন লাখ টাকা উঠিয়ে আনেন হাচেন আলী। ওই টাকা লুট করার উদ্দেশ্যেই ডাকাত দল হামলা চালায় বলে ধারণা করা হচ্ছে।
ওসি সুকুমার রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আটককৃতদের কাছ থেকে দুইটি বড় ধারালো চাকু উদ্ধার করা হয়েছে।
তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/আরএ/১৫০৮ ঘ.
bdnews24