ঢাকা, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালের কীর্তনখোলা নদী দখল করে মাটি ভরাট ও প্লট বরাদ্দ ৪৮ ঘণ্টার মধ্যে বন্ধ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশের একটি রিট আবেদনে বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ মঙ্গলবার এই আদেশ দেয়।
বরিশালের জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং বরিশালের পরিবেশ অধিদপ্তরের উপপরিচালককে এই নির্দেশনা বাস্তবায়ন করে ‘যত দ্রুত সম্ভব’ আদালতে প্রতিবেদন দিতে বলেছে আদালত।
এছাড়া সিএস ও আরএস রেকর্ড অনুসারে নদীর অবস্থান নির্ধারণে একটি কমিটি করে জরিপের মাধ্যেমে প্রকৃত সীমানা নির্ধারণ করতে বলেছে হাইকোর্ট। বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসককে (রাজস্ব) তিন মাসের মধ্যে এ ব্যাপারে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
কীর্তনখোলা ভরাট করে প্লট করা হচ্ছে, গণমাধ্যমে প্রকাশিত এমন খবরের প্রেক্ষিতে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশের পক্ষে মঙ্গলবার সকালে হাইকোর্টে এই রিট আবেদন করা হয়।
এ বিষয়ে প্রাথমিক শুনানি করে অন্তর্বতীকালীন আদেশের পাশাপাশি একটি রুলও জারি করেছে আদালত। কীর্তনখোলা নদী ‘ভূমিদস্যু ও মাটি ভরাটের হাত থেকে রক্ষায়’ প্রশাসনের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না- তা জানতে চাওয়া হয়েছে এই রুলে।
একইসঙ্গে কীর্তনখোলা নদীতে মাটি ভরাট, প্লট বরাদ্দ ও অবৈধ দখল বন্ধ এবং ইতোমধ্যে দখল ও ভরাট হওয়া মাটি সংশ্লিষ্টদের নিজ খরচে অপসারণের নির্দেশ কেন দেওয়া হবে না, তাও জানতে চেয়েছে আদালত।
স্থানীয় সরকার সচিব, অভ্যন্তরীণ নৌ পরিবহন সচিব, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান, বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র, পরবিশে অধদিপ্তরের উপপরিচালক, বরিশালের জেলা প্রশাসক, অতরিক্তি জেলা প্রশাসক (রাজস্ব), পুলিশ সুপারসহ ১০ বিবাদীকে দুই সপ্তাহের মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে।
রিট আবেদনের সঙ্গে প্রথম আলোয় প্রকাশিত এ সংক্রান্ত একটি প্রতিবেদনও আদালতে উপস্থাপন করে হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশ।
গত ২ মার্চ প্রকাশিত ‘কীর্তনখোলা ভরাট করে প্লট!’ শির্ষক ওই প্রতিবেদনে বলা হয়, বরিশাল সদর উপজলোয় রসুলপুর চর ও কীর্তনখোলা নদীর একটি অংশ ভরাট করে প্লট তৈরির অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় কয়েকজন ব্যক্তি পরিবেশ আইন লঙ্ঘন করে অবৈধভাবে এ কাজ করছেন।
বরিশাল শিল্প ও বণিক সমিতির সহসভাপতি সাইদুর রহমানের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, নদী তীরে চর জেগে ওঠার আগেই তা দখল করে নিচ্ছে একদল ভূমিদস্যু। নদী ভরাট করার কারণে নৌপথ সংকীর্ণ হওয়ায় ঢাকা-বরিশাল নৌপথে যাত্রীবাহী লঞ্চ চলাচলে সমস্যা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/জেকে/১৩৫০ ঘ.
bdnews24