২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদেশে যুদ্ধাপরাধ বিচারবিরোধী প্রচার রোধে নির্দেশনা

যুদ্ধাপরাধ বিচারের বিরুদ্ধে দেশের বাইরে চলমান প্রচার বিষয়ে পদক্ষেপ নিতে বিভিন্ন দেশে বাংলাদেশের দূতাবাসকে নির্দেশনা দিয়েছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2012, 03:31 PM

Updated : 24 Aug 2022, 10:54 AM

ঢাকা, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধ বিচারের বিরুদ্ধে দেশের বাইরে চলমান প্রচার বিষয়ে পদক্ষেপ নিতে বিভিন্ন দেশে বাংলাদেশের দূতাবাসকে নির্দেশনা দিয়েছে সরকার। আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ সোমবার এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান। তিনি বলেন, “যারা যুদ্ধাপরাধীদের বিচার চায় না তারা প্রতিনিধির মাধ্যমে টাকার বিনিময়ে দেশের বাইরে নানা ধরনের বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করছে। বিদেশে বাংলাদেশের দূতাবাসগুলোকে এ বিষয়ে করণীয় পদক্ষেপ নিতে ইতিমধ্যে বলা হয়েছে।” “দেশের অভ্যন্তরেও যদি কেউ এ ধরনের অপপ্রচার চালায় তবে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।” ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধ বিচারে প্রায় দুবছর আগে অন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল গঠন করে সরকার। বিএনপি ও তার মিত্র জামায়াতে ইসলামীর আট শীর্ষ নেতা যুদ্ধাপরাধের অভিযোগে আটক রয়েছেন। মুক্তিযুদ্ধ জাদুঘরে ঋষিজ সাংস্কৃতিক গোষ্ঠী আয়োজিত এক সম্মাননা প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন মন্ত্রী। তিনি বলেন, “যুদ্ধাপরাধের অভিযোগে যাদের আটক করা হয়েছে তারা রাষ্ট্রীয় সব ধরনের সুযোগ-সুবিধা পাচ্ছেন। সুতরাং এ বিষয়ে কোনো প্রশ্ন থাকতে পারে না।” অনুষ্ঠানে বক্তব্যে আইনমন্ত্রী বলেন, “যুদ্ধাপরাধের অপরাধে যারা জড়িত ছিলেন প্রত্যেককে একে একে বিচারের আওতায় আনা হবে। ইতিমধ্যে যাদের বিচার শুরু হয়েছে তাদের বিচার প্রক্রিয়া এ বছরের মধ্যেই শেষ হবে।” ‘বিশিষ্ট ছড়াকার ও মুক্তিযোদ্ধা আলতাফ আলী হাসুর স্মরণসভা ও স্মৃতিপদক প্রদান’ শিরোনামের এ অনুষ্ঠানে মফিদুল হককে সম্মাননা দেওয়া হয়। তাকে একটি সম্মাননা স্মারক ও ১০ হাজার টাকার চেক দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/পিডি/২১২৮ ঘ.