২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর্মচারীরা বিএনপি’র সমাবেশে গেলে ‘ব্যবস্থার’ দাবি

সচিবালয়ে কর্মরত প্রজাতন্ত্রের কোনো কর্মচারী বিএনপি মার্চের সমাবেশে অংশ নিলে ‘ব্যবস্থা নেওয়ার’ দাবি জানিয়েছে সচিবালয়ে কর্মরতদের একটি সংগঠন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2012, 01:51 PM

Updated : 24 Aug 2022, 10:54 AM

ঢাকা, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সচিবালয়ে কর্মরত প্রজাতন্ত্রের কোনো কর্মচারী বিএনপি মার্চের সমাবেশে অংশ নিলে ‘ব্যবস্থা নেওয়ার’ দাবি জানিয়েছে সচিবালয়ে কর্মরতদের একটি সংগঠন। বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা ও কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে সোমবার প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব খাইরুল ইসলামের সঙ্গে দেখা করে এ দাবি জানানো হয়। সংগঠনের সদস্য সচিব রুহুল আমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপি ও জামায়াত জোটের কর্মসূচিতে সচিবালয়ে কর্মরত বিএনপি ও জামায়াতপন্থী কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নিতে পারেন। কারণ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। ‘নির্দলীয় নিরপেক্ষ’ সরকারের অধীনে আগামী সংসদ নির্বাচনের অনুষ্ঠানের দাবিতে আগামী ১২ মার্চ ঢাকায় সমাবেশ করছে বিএনপি। ঐক্য পরিষদকে ‘স্বাধীনতার স্বপক্ষের কর্মচারি সংগঠন’ হিসেবে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, তাদের সংগঠনের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর সচিবের সঙ্গে মত বিনিময়ও করা হয়। মত বিনিময়ে রুহুল আমিন, যুগ্ম-আহ্বায়ক আব্দুর রহমান, হিরণ মিয়া, আবুল হাশেম মিয়া, মোহাম্মদ আলী ও এমদাদুল হক উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/পিডি/১৯৪৯ ঘ.