পাবনা, ০৫ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনায় যৌতুক না পেয়ে এক ব্যক্তি তার স্ত্রীকে পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
রোববার রাতে সদর উপজেলার দাপুনিয়া মাধপুরে শ্বশুরবাড়িতে নিহত হন গৃহবধূ নুসরাত জাহান রিয়া। সোমবার সকালে পুলিশ তার ঝুলন্ত লাশ উদ্ধার করে।
হত্যার ঘটনাকে আত্মহত্যা বলে চালানোর জন্য লাশ ঘরে ঝুলিয়ে রাখা হয় বলে নিহতের স্বজনরা অভিযোগ করেছেন।
নুসরাত জেলা শহরের রাধানগরের আসাদুল হক কিরণের মেয়ে। সদরের দাপুনিয়া মাধপুর এলাকার মইনুল ইসলাম টুটুলের স্ত্রী।
এ ঘটনায় নুসরাতের চাচা আনোয়ার হোসেন সদর থানায় একটি মামলা করেছেন।
মামলার বরাত দিয়ে সদর থানার ওসি এ এইচ এনায়েত উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০১০ সালের ১১ নভেম্বর রিয়ার সঙ্গে টুটুলের বিয়ে হয়।
এরপর থেকেই স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন ১০ লাখ টাকা এবং দেড় কাঠা জমি যৌতুক হিসেবে দিতে চাপ দিয়ে আসছিল। এ কারণে প্রায়ই তারা নুসরাতকে মারধর করত।
অভিযোগে আরো বলা হয়, রোববার রাতে টুটুলের মারধরে নুসরাতের মৃত্যু হয়। এরপর আত্মহত্যা বলে চালানোর জন্য লাশ ঘরের মধ্যে ঝুলিয়ে রাখে।
এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে পুলিশ জানিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/১৮৩২ ঘ.
bdnews24