২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই নেত্রী বসলেও হবে না: হাবিবুর

চলমান রাজনৈতিক পরিস্থিতিতে শঙ্কা প্রকাশ করে এই ধারণা সাবেক প্রধান উপদেষ্টার। তবে তার মত, সমস্যার সমাধান বিদেশিদের হাতে নয়, নিজেদেরই তা করতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2012, 09:59 AM

Updated : 24 Aug 2022, 10:54 AM

ঢাকা, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে চলমান রাজনৈতিক বিরোধের অবসানে দুই প্রধান নেত্রীকে সংলাপে বসতে বিদেশি কূটনীতিকদের আহ্বানের মধ্যেই বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান বললেন, এতেও কাজ হবে বলে তার মনে হচ্ছে না। দেশের রাজনৈতিক সমস্যার সমাধান বিদেশিদের দিয়ে সম্ভব নয় বলেও মন্তব্য করেছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক এই প্রধান উপদেষ্টা। তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে আওয়ামী লীগ ও বিএনপির মুখোমুখি অবস্থানের প্রেক্ষাপটে হাবিবুর রহমান সোমবার এক আলোচনা অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, “পরিস্থিতি এমন পর্যায়ে গেছে যে আমার মনে হয়, দুই নেত্রীকে একসাথে বসালেও সমাধান হবে না।” আগামী নির্বাচনে সবার অংশগ্রহণ নিশ্চিত করতে দুই প্রধান রাজনৈতিক দলের সংলাপের কথা বলে আসছেন ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান মজিনাসহ কূটনীতিকরা। সাবেক প্রধান বিচারপতি হাবিবুর রহমান বলেন, “এই সঙ্কট বিদেশিদের দিয়ে সমাধান সম্ভব নয়। এই সমস্যার সমাধান আমাদের নিজেদেরই করতে হবে। আমাদের দরকার ‘মেইড ইন বাংলাদেশ’ সমাধান।” দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে শঙ্কা প্রকাশ করেন তিনি। পাল্টাপাল্টি কর্মসূচি না দিয়ে দুই প্রধান দলকে সমঝোতায় আসার পরামর্শ দেন তিনি। সিরডাপ মিলনায়তনে ইউরোপীয় ইউনিয়ন (ইউ) ও সার্কের পারস্পরিক সম্পর্ক উন্নয়ন বিষয়ক অনুষ্ঠানে আলোচনার পর সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন সাবেক প্রধান উপদেষ্টা। অনুষ্ঠানে বক্তব্যে হাবিবুর বলেন, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর আন্তঃসম্পর্ক ভালো, কিন্তু ইইউ-এর সঙ্গে সার্কের সম্পর্ক ভালো নয়। সম্পর্ক উন্নয়নের জন্য ইইউভুক্ত দেশগুলোকে সার্ক অঞ্চলে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান ১৯৯৬ সালের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/আরএম/এমআই/১৪৫৫ ঘ.