ঢাকা, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংঘর্ষের কারণে বন্ধ করে দেওয়া স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ছাত্রাবাস খুলে দেওয়ার পর দ্বিতীয় দিনও ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে।
সোমবার সকাল থেকে মেডিকেল কলেজ ক্যাম্পাস ও প্রধান ছাত্রাবাসে বিক্ষিপ্তভাবে সংঘর্ষে জড়িয়ে পড়ে ছাত্রলীগের দুই পক্ষ।
সকাল ৯টার দিকে মেডিকেল কলেজের ৩৬তম ব্যাচের ছাত্ররা মারধরের অভিযোগে ক্লাস বর্জন করে। এ সময় অচিন ও সজীব নামের দুই শিক্ষার্থীকে মারধর করে অপর পক্ষ।
এর আগে কলেজের ৩৯তম ও ৪০তম ব্যাচের ছাত্রলীগ কর্মীরা প্রধান ছাত্রাবাসের তৃতীয় তলার ৩০৫ নম্বর কক্ষের আবাসিক ছাত্র রাজীব রায়কে কক্ষ থেকে বের করে মারধর করে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মারধরের ঘটনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ সামিউল ইসলাম সাদীর সামনেই ঘটলে তিনি ৩৬তম ব্যাচের ছাত্রদের ক্যাম্পাস থেকে বের হয়ে যেতে বলেন।
একাডেমিক কাউন্সিল সব ধরনের সভা-সমাবেশ ও রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করলেও সংঘর্ষে লিপ্ত দুইপক্ষই ক্যাম্পাস ও ছাত্রাবাসে বিক্ষিপ্তভাবে অবস্থান ও বিক্ষোভ মিছিল করছে।
মেডিকেল কলেজের উপাধক্ষ্য সামিউল ইসলাম সাদী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলছে।”
রোববার দুপুর ১২টার দিকে মেডিকেল কলেজের ছাত্রাবাসে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে হাতাহাতি ঘটনা ঘটে।
১০ ফেব্রুয়ারি রাতে মেডিকেল কলেজ ছাত্রাবাসে ছাত্রলীগের দুই পক্ষের মারামারির পর কর্তৃপক্ষ ক্লাস ও ছাত্রাবাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন। পরে অ্যাকাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী ২৭ ফেব্রুয়ারি পুনরায় ক্লাস শুরু হয়। ছাত্রাবাস খুলে দেওয়া হয় শনিবার।
১০ ফেব্র“য়ারির ওই ঘটনায় সাত শিক্ষার্থী আহত হন, যাদের মধ্যে মশিউর রহমান অ্যাঞ্জেল নামে এক ছাত্র এখনো চিকিৎসাধীন রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/কিউএইচ/আরএ/১৪৫৩ ঘ.
bdnews24