মহসীনুল করিম
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক
ঢাকা, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলতি বছর হজ যাত্রীদের বিমান ভাড়া না বাড়ানোর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।
কর্মকর্তারা জানান, সচিব পর্যায়ের আন্তঃমন্ত্রণালয় বৈঠকে প্রাথমিকভাবে বিমান ভাড়া নির্ধারণ করা হলেও ধর্ম প্রতিমন্ত্রী দেশে না থাকায় বিষয়টি চূড়ান্ত হয়নি। প্রতিমন্ত্রী ফিরলে তার সঙ্গে আলোচনা করে মন্ত্রী পর্যায়ে ভাড়ার বিষয়টি চূড়ান্ত করা হবে এবং পরে বিষয়টি আন্তঃমন্ত্রণালয় সভায় উপস্থাপন করে অনুমোদন নেওয়া হবে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব আতাহারুল ইসলাম বলেন, বিমান ভাড়া কমানোর ব্যাপারে গত বছরই বিভিন্ন মহল থেকে দাবি এসেছিল। কিন্তু তা সম্ভব হয়নি। তাই এ বছর প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সমন্বয় করে বিমান ভাড়া নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়েছে।
“ইতোমধ্যে ভাড়া না বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে মন্ত্রণালয়ের পক্ষ থেকে ভাড়া কমানোর চেষ্টা রয়েছে”, যোগ করেন তিনি।
গত বছর বিমান ভাড়া বাবদে হাজযাত্রীদের কাছ থেকে নেওয়া হয়েছিল এক হাজার ৪৬৫ ডলার করে। আর এ বছর তা এক হাজার ৪৫০ থেকে এক হাজার ৪৬৫ ডলারের মধ্যে রাখার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছেন মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
সচিব আতাহারুল ইসলাম বলেন, “মন্ত্রী পর্যায়ে আন্তঃমন্ত্রণালয় সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। সে অনুযায়ী সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় আগামী মৌসুমের হজ প্যাকেজ ঘোষণা করা হবে।”
হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) মহাসচিব এমএ রশিদ শাহ সম্রাট জানান, এ বছরও বাংলাদেশ বিমানের পক্ষ থেকে ভাড়া বাড়িয়ে এক হাজার ৫৩৫ ডলার নির্ধারণের প্রস্তাব করা হয়েছিল। কিন্তু বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, ধর্ম মন্ত্রণালয় এবং হাবের আপত্তির কারণে তা গ্রহণ করা হয়নি।
তিনি জানান, ধর্ম প্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্টরা বর্তমানে হজ চুক্তি করতে সৌদি আরবে রয়েছেন। তারা ফিরে এলে এ বিষয়ে আরো আলোচনা করে ভাড়া নির্ধারণ করা হবে। হাজীদের জন্য বাড়িভাড়া নির্ধারণসহ অন্য বিষয়গুলো নিয়েও সরকার ও হাব ইতোমধ্যে তৎপরতা শুরু করেছে।
হজ এজেন্সিগুলো জানায়, গত বছর সরকারি ব্যবস্থাপনায় তিন হাজার ৭৩১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় এক লাখ তিন হাজার ৫৭১ জন হজ পালন করেন। গত বছর ২৯ সেপ্টেম্বর থেকে হজ ফ্লাইট শুরু হয়। চলে ৩১ অক্টোবর পর্যন্ত। আর ফিরতি ফ্লাইট চলে ১০ ডিসেম্বর পর্যন্ত।
বাংলাদেশ বিমান ছাড়াও সৌদিয়া এয়ারলাইন্স, এমিরেটস, জিএমজি, ইউনাইটেড এয়ারওয়েজ, কাতার এয়ারওয়েজ, কুয়েত এয়ারওয়েজ, ইতিহাদ ও গালফ এয়ারলাইন্স হজ ফ্লাইট পরিচালনা করে।
গত বছর বেসরকারি ব্যবস্থাপনার হাজীদের কাছে ন্যূনতম দুই লাখ ৬০ হাজার টাকা করে নেওয়া হয়। তবে মাথাপিছু ৩৬ লাখ টাকা পর্যন্তও হজ প্যাকেজ ছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/১০৪৫ ঘ.
bdnews24