ঢাকা, মার্চ ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠায় ‘বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি বিল-২০১২’ সংসদে পাস হয়েছে।
রোববার সংসদ অধিবেশনে বিলটি কন্ঠ ভোটে পাস হয়। স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বিলটি সংসদে পাসের জন্য উত্থাপন করেন।
এর আগে বিলের ওপর দেওয়া জনমত যাচাই-বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাব ও সংশোধনীগুলো কন্ঠ ভোটে নাকচ হয়।
সৈয়দ আশরাফ গত ৩১ জানুয়ারি বিলটি সংসদে উত্থাপন করেন। পরে বিলটি পরীক্ষা-নিরীক্ষার জন্য স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।
নতুন এই আইনের চার দফা অনুসারে একাডেমির প্রধান কার্যালয় গোপালগঞ্জ জেলার কোটালিপাড়ায় হবে। প্রয়োজনে সরকার যে কোনো জেলায় আঞ্চলিক কার্যালয় স্থাপন করতে পারবে।
বিলের নয় দফায় একাডেমির প্রধান ১৩টি কাজের বর্ণনা দেওয়া হয়েছে। ১২(২) দফা অনুসারে মহাপরিচালক একাডেমির সার্বক্ষণিক কর্মকর্তা এবং প্রধান নির্বাহীর দায়িত্ব পালন করবেন।
বিলের উদ্দেশ্য ও কারণ সম্বলিত বিবৃতিতে বলা হয়- প্রস্তাবিত আইন প্রণয়নের ফলে বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি দারিদ্র্য বিমোচনের লক্ষে জাতীয় এবং আঞ্চলিক পরিসরে গবেষণার জন্য সেন্টার ফর এক্সেলেন্স হিসাবে কাজ করবে।
এই বিলটি পাসের প্রক্রিয়া নোয়াখালী-৬ আসনের সাংসদ ফজলুল আজিম জনতম যাচাইয়ের প্রস্তাব দিয়েসেন্টার ফর এক্সেলেন্সের সমালোচনা করেন।
ফজলুল আজিমের বক্তব্যের জবাবে সৈয়দ আশরাফ বলেন, “মাননীয় সাংসদ একজন শিক্ষিত ও সৃজনশীল ব্যক্তি। তিনি গঠনমূলক কথা বলার চেষ্টা করেন। আমি দুঃখিত যে উনার মতো একজন ব্যক্তি সেন্টার ফর এক্সেলেন্সকে কটাক্ষ করেছেন।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/১৯৩৮ ঘ.
bdnews24