২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নবীনগরে দুই ইউপি সদস্যের কোন্দলে নিহত ১

এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুই ইউপি সদস্যের সমর্থকদের সংঘর্ষে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় এক জন নিহত হয়েছেন। পুলিশ সংঘর্ষে জড়িত পাঁচ জনকে আটক করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2012, 06:33 AM

Updated : 24 Aug 2022, 10:54 AM

ব্রাহ্মণবাড়িয়া, মার্চ ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুই ইউপি সদস্যের সমর্থকদের সংঘর্ষে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় এক জন নিহত হয়েছেন। পুলিশ সংঘর্ষে জড়িত পাঁচ জনকে আটক করেছে। রোববার সকালে উপজেলার ভৈরবনগর গ্রামে তাহের মেম্বার ও মদন মেম্বারের সমর্থকরা দেশি অস্ত্র-অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে বলে জানায় পুলিশ। নিহত ইয়াসিন মিয়া (২৫) ওই গ্রামেরই বাসিন্দা। তিনি তাহের মেম্বারের সমর্থক হিসেবে পরিচিত। নবীনগর থানার ওসি মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আধিপত্য বিস্তারের জের ধরেই সকাল ৭টার দিকে দু’পক্ষের অন্তত শ’তিনেক সমর্থক সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রতিপক্ষের ধারাল অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই ইয়াসিন মারা যান। ঘণ্টা দুয়েকের সংঘর্ষে উভয়পক্ষের প্রায় ৩০ জন আহত হয়। আহত নসব মিয়া (৪০) ও আমির আলীর (৬০) অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকায় পাঠানো হয়েছে। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বাসির মিয়া (৩০), রিংকু (২১), নসব মিয়া (৪০), আমির আলী (৬০), ফায়েজা বেগম (২২), আতস আলী (৬০), ইব্রাহিম মিয়া (৪২), মুক্তার মিয়া (১৮), নবী হোসেন (২২), হালিমা বেগমকে (৩২) । ওসি জানান, ঘটনাস্থল থেকে পাঁচ জনকে আটক করা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত। গ্রামে পুলিশ মোতায়েন রয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১২৩০ ঘ.