২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘নতুন বেতন কাঠামো না হওয়ায় তথ্যমন্ত্রী দায়ী’

সাংবাদিক ও সংবাদকর্মীদের ন্যূনতম বেতন-ভাতা হালনাগাদ করতে অষ্টম ওয়েজ বোর্ড গঠনে দেরি হওয়ায় তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদের বিরুদ্ধে ‘প্রতারণা’র অভিযোগ তুলেছে সরকার সমর্থক সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরীর নেতৃত্বাধীন একটি সংগঠন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2012, 03:59 PM

Updated : 24 Aug 2022, 10:53 AM

ঢাকা, মার্চ ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাংবাদিক ও সংবাদকর্মীদের ন্যূনতম বেতন-ভাতা হালনাগাদ করতে অষ্টম ওয়েজ বোর্ড গঠনে দেরি হওয়ায় তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদের বিরুদ্ধে ‘প্রতারণা’র অভিযোগ তুলেছে সরকার সমর্থক সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরীর নেতৃত্বাধীন একটি সংগঠন। তথ্যমন্ত্রীর ‘টালবাহানার’ কারণেই নতুন বেতন গঠন করা হচ্ছে না বলে অভিযোগ করেছে সাংবাদিক-শ্রমিক-কর্মচারী পরিষদ নামের ওই সংগঠন। শনিবার এক যুক্ত বিবৃতিতে অবিলম্বে অষ্টম বেতন বোর্ডের গেজেট ঘোষণার দাবি জানিয়ে সংগঠনটি বলেছে, “প্রধানমন্ত্রী ইতোমধ্যে অষ্টম বেতন বোর্ডের চেয়ারম্যানের নিয়োগ চূড়ান্ত করার পরও এবং সাংবাদিক-প্রেস শ্রমিক ও সংবাদপত্র কর্মচারী ফেডারেশনের প্রতিনিধিদের তালিকা তথ্য মন্ত্রণালয়ে প্রেরণ করা সত্ত্বেও তথ্যমন্ত্রীর টালবাহানার জন্য আজ অবধি বোর্ড গঠন করার গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ না হওয়ায় সাংবাদিক, প্রেস শ্রমিক ও কর্মচারীদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।” পরিষদে কো-কনভেনর ইকবাল সোবহান চৌধুরীর পরই রয়েছেন বিএনপি ও জামায়াতে ইসলামীপন্থি সাংবাদিকদের নেতা রুহুল আমিন গাজী। গত ১৬ নভেম্বর সংসদে তথ্যমন্ত্রী জানান, শিগগিরই অষ্টম সংবাদপত্র মজুরি বোর্ড গঠন করা হবে। বিবৃতিতে আরো বলা হয়, “তথ্যমন্ত্রীর সাংবাদিক, শ্রমিক ও কর্মচারীদের সাথে প্রতারণা ও প্রতিশ্র“তি ভঙ্গের তীব্র নিন্দা জ্ঞাপন করে নেতৃবৃন্দ মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে আগামী ১০ মার্চ, ২০১২-এর মধ্যে বেতন বোর্ডের গেজেট বিজ্ঞপ্তি ঘোষণার দাবি জানান।” স¤প্রতি সাংবাদিক দম্পতি হত্যাকাণ্ডের বিচার চেয়ে বিভক্ত সাংবাদিক ইউনিয়ন একযোগে সভা-সমাবেশ করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/পিডি/২২০০ ঘ.