চট্টগ্রাম, মার্চ ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কাতারে সড়ক দুর্ঘটনায় সন্তানসহ এক বাংলাদেশি নিহত হয়েছেন।
নিহতরা হলেন- শাকিল খালেদ (৪৫) ও তার ছেলে আমিদ খালেদ (১০)।
দুর্ঘটনায় আহত হন শাকিলে স্ত্রী জাহেদা পারভীন শেলী ও সাত বছর বয়েসী ছেলে আরিফ খালেদসহ আরও ছয় জন বাংলাদেশি।
কাতারের আল হুর থেকে দোহায় ফেরার পথে শনিবার বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টার দিকে দোহার কাছাকাছি স্থানে শাকিলদের বহনকারী ব্যক্তিগত প্রাডো জিপ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে এ দুর্ঘটনা ঘটে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান শাকিলের বড় বোন শবনম খালেদ।
তিনি বলেন তাদের লাশ দুই-একদিনের মধ্যে নগরীর উত্তর কাট্টলীর নিজ বাড়িতে নিয়ে আসা হবে।
শাকিলের নিকট আত্মীয় সাইফুদ্দিন আহমেদ সাকী জানান, ওই গাড়িতে শাকিলের পরিবার ছাড়াও তার এক বাংলাদেশি বন্ধুর পরিবারের সদস্যরা ছিলেন।
উত্তর কাট্টলীর মৃত সাইফুদ্দিন খালেদের বড় ছেলে শাকিল দোহায় কাতার কর্মাশিয়াল ব্যাংকের কর্মকর্তা ছিলেন। তার ছেলে আমিদ দোহা মডার্ন ইন্ডিয়ান স্কুলের চতুর্থ শ্রেণীতে পড়ত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/২০২৮ ঘ.
bdnews24