চাঁপাইনবাবগঞ্জ, মার্চ ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন।
একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে বসাকে কেন্দ্র করে বাক-বিতণ্ডার জের ধরে শনিবার সকালে এ সংঘর্ষ হয় বলে জানায় পুলিশ। এসময় বেশ কিছু বাড়িঘরও ভাংচুর করা হয়।
নিহত আবুল কালাম (৩২) উপজেলার কামালপুর গ্রামের এন্তাজ আলীর ছেলে।
শিবগঞ্জ থানার ওসি আব্দুস সালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার বিকালে কামালপুর উচ্চ বিদ্যালয় মাঠে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে বসাকে কেন্দ্র করে শিয়ালমারা ও দৌলতপুর গ্রামের দুই ব্যক্তির মধ্যে কথা কাটাকাটি হয়।
এর জের ধরেই সকাল ৮টার দিকে শিয়ালমারা গ্রামের লোকজন লাঠিসোটা নিয়ে কামালপুর ও দৌলতপুর গ্রামে হামলা চালায়। তারা প্রতিপক্ষের ১০ জনকে পিটিয়ে আহত করে এবং ৮টি বাড়ি ভাংচুর করে।
ওসি জানান, আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক কালামকে মৃত ঘোষণা করেন এবং গুরুতর আহত শরিফুল আলমকে (৩২) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
পরিস্থিতি নিয়ন্ত্রণে কামালপুর বাজারে পুলিশ মোতায়েন করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রয়েছে বলে জানান ওসি।
শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ জেড এম শারজিল হাসান জানান, দৌলতপুর যেতে হলে কামালপুর গ্রামের ওপর দিয়ে যেতে হয়। এ কারণে কামালপুর গ্রামের লোকজন প্রতিপক্ষের হামলার শিকার হয়েছে।
এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ইউএনও।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৭২৬ ঘ.
bdnews24