মুন্সীগঞ্জ, মার্চ ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শীত পেরিয়ে গেলেও আকস্মিক ঘন কুয়াশার কারণে শনিবার ভোরে মাওয়া-কাওড়াকান্দি নৌপথে ফেরি চলাচল দুই ঘণ্টা বন্ধ রাখতে বাধ্য হয় কর্তৃপক্ষ। এর ফলে দুই ঘাটে সৃষ্টি হয় দীর্ঘ যানজট।
মাওয়া ঘাটে অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিসি) ব্যবস্থাপক সিরাজুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঘন কুয়াশার কারণে ভোর ৪টা থেকেই ফেরি চলাচল বিঘিœত হতে থাকে। দৃষ্টিসীমা একেবারেই কমে এলে ভোর সাড়ে ৬টার দিকে পারাপার বন্ধ করে দেওয়া হয়।
এতে দুই হাজারেরও বেশি যাত্রী নিয়ে সাতটি ফেরি মাঝ পদ্মায় আটকা পড়ে। কুয়াশার কেটে গেলে সাড়ে ৮টার দিকে ফেরি চলাচল আবার শুরু হয় বলে সিরাজুল হক জানান।
পারাপার শুরু হওয়ায় নদীর দুই ঘাটের যানজটও ধীরে ধীরে কমতে শুরু করেছে বলে উল্লেখ করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১০২০ ঘ.
bdnews24