লাবলু আনসার
নিউ ইয়র্ক থেকে
নিউ ইয়র্ক, মার্চ ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাংবাদিক দম্পতি হত্যা মামলার কিনারা করতে গিয়ে আইন-শৃঙ্খলা বাহিনী শেষ পর্যন্ত নির্যাতন-নিপীড়নের মতো বেআইনি পথ বেছে নিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।
শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে পাঠানো এক বার্তায় নিউ ইয়র্কভিত্তিক এ মানবাধিকার সংস্থা বলেছে, “এইচআরডব্লিউ এই হত্যার ঘটনায় খুবই উদ্বিগ্ন। এবং এ ধরনের সব হত্যাকাণ্ডের দ্রুত ও সুষ্ঠু বিচার করার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি আমরা।”
গত ১১ ফেব্রুয়ারি রাজধানীর রাজাবাজারে নিজেদের ভাড়া বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার এবং তার স্ত্রী এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। এরপর তিন সপ্তাহ পেরিয়ে গেলেও খুনিকে গ্রেপ্তার বা হত্যা রহস্যের কিনারা করতে পারেনি পুলিশ।
স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন এ হত্যা মামলার সুষ্ঠু তদন্তের প্রতিশ্র“তি দিলেও এইচআরডব্লিউ মনে করে, হত্যাকারীদের বিচারের আওতায় আনতে এবং মামলার তদন্ত যাতে সুষ্ঠু ও আইন অনুযায়ী হয়- তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা বাহিনীকে চাপে রাখা প্রয়োজন।
সাগর-রুনির লাশ উদ্ধারের পর ১২ ফেব্রুয়ারি সকালে সাহারা খাতুন সাংবাদিকদের বলেছিলেন, তিনি ৪৮ ঘণ্টার মধ্যে খুনিদের গ্রেপ্তারে নির্দেশ দিয়েছেন।
ওই সময় পেরিয়ে যাওয়ার পরও কাউকে গ্রেপ্তার না করার ব্যাখ্যায় পুলিশ বলে, বেঁধে দেওয়া সময়ের মধ্যে তদন্ত শেষ করা সব সময় সম্ভব হয় না। আর ৭২ ঘণ্টা পর স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সময় বেঁধে দেওয়ার বিষয়টি আসলে তার কৌশল ছিল, যাতে পুলিশ মামলাটি গুরুত্বের সঙ্গে নেয়।
এদিকে সাগর-রুনিসহ সব সাংবাদিক হত্যার ঘটনার বিচার ও খুনিদের শাস্তির দাবিতে সাংবাদিকদের সবগুলো সংগঠন এক হয়ে আন্দোলনে নেমেছে। সারা দেশে সমাবেশ ও অনশন করে বৃহত্তর কর্মসূচির ঘোষণা দিয়েছে তারা।
এ বিষয়টির সমালোচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৩ ফেব্রুয়ারি বলেন, সাংবাদিকরা আন্দোলন করলেও সরকারের পক্ষে বেডরুম পাহারা দেওয়া সম্ভব নয়।
অবশ্য সাগর-রুনির একমাত্র সন্তান পাঁচ বছর বয়সী মাহির সরওয়ার মেঘের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়ে এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের প্রতিশ্র“তি দিয়েছেন প্রধানমন্ত্রী।
অন্যদিকে প্রধান বিরোধী দল বিএনপি সাগর-রুনির হত্যাকারীদের গ্রেপ্তারে ব্যর্থতার অভিযোগে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করে আসছে, যদিও এ মামলার বিষয়ে সরকারের নেওয়া পদক্ষেপ যথাযথ বলেই মনে করেছে উচ্চ আদালত।
খুনিদের গ্রেপ্তারে পুলিশের ব্যর্থতা নিয়ে একটি রিট আবেদনে ২৮ ফেব্রুয়ারি আদালত বলেছে, হত্যাকাণ্ড তদন্তে ভুল বা অবহেলা দেখা যায়নি। তবে কিছু রাজনীতিক তদন্তকে বাধাগ্রস্ত করতে দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/বিডি/জেকে/০৯৫৫ ঘ.
bdnews24