কুষ্টিয়া, মার্চ ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়ায় একটি নকল ওষুধ কারাখানার মালিককে আটক করে তাৎক্ষণিক সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের ইনচার্জ মেজর মাহফুজের নেতৃত্বে র্যাব ও ড্রাগ সংশ্লিষ্ট একটি দল শহরের হাউজিং বি ব্লকের ২৮০/৮১ নম্বর বাড়ির এ কারখানায় অভিযান চালানো হয়।
এ সময় নকল ওষুধ কারখানা এইস ই আর বি এস ফার্মা লিমিটেডের মালিক আব্দুল্লাহ জিয়াকে এক বছরের সশ্রম কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা করে আদালত।
এ ছাড়া জরিমানা অনাদায়ে আরও দু’মাস সাজা ভোগের আদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুম আলী বেগ।
ম্যাজিস্ট্রেট মাসুম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যে কোন ধরনের ওষুধই জনজীবনের জন্য স্পর্শকাতর বিবেচিত হওয়ায় ভেজাল ও বেআইনি ওষুধ প্রস্তুতকে ছোট করে দেখার কিছু নাই। এ জাতীয় অপরাধ যে কোনো সময় প্রাণহানির কারণ হতে পারে।”
র্যাব-১২ কুষ্টিয়ার কোম্পানি কমান্ডার মেজর মাহফুজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দীর্ঘ দিন ধরে আবদুল্লাহ জিয়া এ করখানায় বিভিন্ন ব্রান্ডের নকল ওষুধ উৎপাদন করে আসছিলো।
অভিযানের সহযোগী কুষ্টিয়ার ড্রাগ সুপার নুরে আলম জানান ওই কারখানায় অনুমোদন ছাড়া ওষুধ ছাড়াও যৌন উত্তেজক পানীয় পাওয়া গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এএল/২২১৭ ঘ.
bdnews24