ঢাকা, মার্চ ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরিবেশগত প্রভাব মূল্যায়ন ও পরিবেশ ছাড়পত্র সনদ ছাড়া সিলেট সিটি কর্পোরেশনে শাহজালাল উপ-শহর এবং ছয় উপজেলায় সব ধরণের পাহাড় কাটা বন্ধ করতে বলেছে হাই কোর্ট।
উপজেলাগুলো হলো- সিলেট সদর, গোয়াইন ঘাট, বিয়ানিবাজার, কোম্পানিগঞ্জ, জৈন্তাপুর ও গোলাপগঞ্জ।
একটি রিট আবেদনের চূড়ান্ত নিষ্পত্তি করে বুধবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ এই রায় দেয়।
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) এক রিট আবেদনে গত ২২ নভেম্বর হাই কোর্ট এ বিষয়ে রুল জারি করেছিল।
রুলে এসব এলাকায় পাহাড় কাটা কেন এখতিয়ার বহির্ভূত ও জনস্বার্থ পরিপন্থী ঘোষণা করা হবে না এবং পাহাড়ের পাদদেশে বসবাসরত দুস্থদের পুনর্বাসনের নির্দেশ কেন দেওয়া হবে না- তা জানতে চাওয়া হয়।
পরিবেশ, ভূমি ও গৃহায়ণ সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, সিলেট সিটি কর্পোরেশন, সিলেট বিভাগীয় পুলিশ কমিশনার, সিলেট জেলা প্রশাসক, সিলেট পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক, ছয় উপজেলার নির্বাহী কর্মকর্তাসহ ১৫ জন এই রিটের বিবাদী; তাদের আদালতের এ আদেশ বাস্তবায়ন করতে হবে।
রিট আবেদনকারীর আইনজীবী অ্যাডভোকেট ইকবাল কবির লিটন রায়ের পর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আদালতের আদেশের ফলে সংশ্লিষ্ট এলাকায় সব ধরণের পাহাড় কাটাই নিষিদ্ধ করা হলো।
তবে বিশেষ পরিস্থিতিতে পাহাড় কাটতে হলে সেক্ষেত্রে পরিবেশগত প্রভাব মূল্যায়ন ও পরিবেশ ছাড়পত্র সনদ নিতে হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/পিডি/২১২৯ ঘ.
bdnews24