মুন্সীগঞ্জ, মার্চ ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুয়াশার কারণে রাতে ফেরি চলাচল পাঁচ ঘণ্টা বন্ধ থাকায় মাওয়া ও কাওড়াকান্দি ঘাটে যানজট সৃষ্টি হয়েছে।
ঘন কুয়াশার কারণে পথ দেখতে না পাওয়ায় বৃহস্পতিবার রাত ৩টায় ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। কুয়াশা কেটে যাওয়ার পর সকাল ৮টা থেকে ফেরিগুলো পুনরায় চলছে বলে বিআইডাব্লিওটিসি কর্মকর্তারা জানিয়েছেন।
রাত ৩টার দিকে দুই হাজারের বেশি যাত্রী নিয়ে আটটি ফেরি মাঝ নদীতে আটকা পড়ে। সকাল ৮টার পর সেগুলো গন্তব্যে পৌঁছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডাব্লিউটিসি) মাওয়া কার্যালয়ের ব্যবস্থাপক সিরাজুল হক সাংবাদিকদের বলেন, ঘন কুয়াশার কারণে বয়া বাতি, সিগন্যাল কিছুই দেখা যাচ্ছিল না। এতে মাঝ নদীতে আটটি ফেরি আটকা পড়লে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।
কুয়াশা কেটে যাওয়ার পর সকাল ৮টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক বলে জানান তিনি।
রো রো ফেরি শাহ মখদুম, কাবেরি, কপোতী, রাণীগঞ্জ, রাণীক্ষেত, রামশ্রী, টাপলু ও যমুনা ওই সময় পদ্মা নদীর মাঝখানে নোঙর করে ছিল।
দক্ষিণাঞ্চলের এই ব্যস্ততম রুটে দীর্ঘ সময় গাড়ি পারাপার বন্ধ থাকায় যানজটের সৃষ্টি হয়েছে। তবে যানজট ধীরে ধীরে কমে আসছে বলে সিরাজুল হক জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/০৯৪৫ ঘ.
bdnews24