২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবৈধ ভিসাধারীদের ধরতে টাস্কফোর্স: ফারুক খান

অবৈধ ভিসাধারীদের বিমানবন্দরের প্রবেশের আগে চিহ্নিত করতে টাস্কফোর্স গঠন করা হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী ফারুক খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Feb 2012, 02:03 PM

Updated : 24 Aug 2022, 10:52 AM

ঢাকা, ফেব্রুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধ ভিসাধারীদের বিমানবন্দরের প্রবেশের আগে চিহ্নিত করতে টাস্কফোর্স গঠন করা হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী ফারুক খান। তিনি বলেছেন, অবৈধ ভিসাধারীদের বিমানবন্দরের প্রবেশের আগে চিহ্নিত করতে করা প্রয়োজন। এর কারণ হিসাবে মন্ত্রী বলেছেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভেতরে অবৈধ ভিসাধারী সনাক্ত হলে কর্তৃপক্ষকে সমস্যায় পড়তে হয়। এতে বিমান ছাড়তে দেরি হলে বিমানবন্দরের ব্যবস্থাপনাকে দায়ী করা হয়। অবৈধ ভিসাধারীদের চিহ্নিত করতে টাস্কফোর্সকে সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে জানিয়ে ফারুক খান বলেন, “এসব নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করতে হবে।” রাজধানীর একটি হোটেলে বুধবার ‘অভিবাসীদের নিরাপদ যাতায়াত: অভিবাসীদের অধিকার এবং প্রত্যাশা’ শিরোনামের এক কর্মশালায় মন্ত্রী এসব কথা বলেন। মিডিয়া ইনিশিয়েটিভ ফর পাবলিক পলিসি (এমআইপিপি) এবং বাংলাদেশ আদিবাসী মহিলা শ্রমিক অ্যাসোসিয়েশন (বমসা) যৌথভাবে এ কর্মশালা আয়োজন করে। এমআইপিপির সভাপতি এসোসিয়েটেড প্রেসের (এপি) বাংলাদেশ প্রধান ফরিদ হোসেন এতে সভাপতিত্ব করেন। ফারুক খান জানান, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে প্রতিদিন ৩৫০টি বিমান ওঠা-নামা করে। এতে নানান অনিয়ম ও দুর্নীতির সুযোগ রয়েছে। তাই অনিয়ম ও দুর্নীতি বন্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে। বিমানবন্দরে প্রবাসীদের নিরাপত্তায় শৈথিল্য সহ্য করা হবে না বলে উল্লেখ করেন মন্ত্রী। প্রবাসী শ্রমিকদের নিরাপদ যাতায়াতের জন্য বিমানবন্দরে পৃথক আগমন-নির্গমন পথ করার বিষয়ও সরকার খতিয়ে দেখবে বলেও জানান ফারুক খান। বিদেশ থেকে আসা যাত্রীর মালামাল (ব্যাগেজ) নিয়ে হয়রানি দূর করতে নজরদারি বাড়ানো হয়েছে জানিয়ে বিমানমন্ত্রী বলেন, “বিমানবন্দরের এসব এলাকায় ‘ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা’ বসানো হয়েছে। কোন যাত্রী হয়রানির শিকার হলে বিমানের সংশ্লিষ্ট কর্মচারিদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। সংশ্লিষ্ট সুপারভাইজারও এ অপরাধের জন্য দায়ী হবেন।” প্রবাসী কল্যাণ সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি আনিসুল হক মাহমুদ, প্রবাসী কল্যাণ সচিব জাফর আহমেদ খান, ডেনচার্চ এইডের বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার হাসিনা ইনাম, বমসা’র পরিচালক সুমাইয়া ইসলাম, বায়রা’র সিনিয়র সহ-সভাপতি রিয়াজুল ইসলাম এবং নিউ এইজের নগর সম্পাদক সায়ফুল হুদা এতে বক্তব্য দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/পিডি/১৯৫৮ ঘ.