চট্টগ্রাম, ফেব্রুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সীতাকুণ্ডের মাদাম বিবির হাটে পরিত্যাক্ত জাহাজের পাত চাপা পড়ে এক শ্রমিক নিহত হয়েছেন।
নিহত শ্রমিকের নাম মো. ফোরকান (২২)। তিনি সীতাকুণ্ডের জাহানাবাদ খাদেমপাড়ার মোহাম্মদ ইউসুফের ছেলে।
মঙ্গলবার দুপুরে মো. শফির মালিকানাধীন সীমা স্টিল নামক শিপ ব্রেকিং ইয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।
সীতাকুণ্ড থানার ওসি নুর মোহাম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুপুর ২টার দিকে ইয়ার্ডে একটি পরিত্যক্ত জাহাজের পাত চাপা পড়ে মাথায় আঘাত পেয়ে মারা যান ফোরকান। সন্ধ্যার দিকে তাকে খোঁজাখুঁজি করতে গিয়ে তার লাশ পাওয়া যায়।”
পরে পুলিশ গিয়ে রাত সাড়ে ৮টার দিকে তার লাশ উদ্ধার করে বলে জানান ওসি।
তিনি বলেন, এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
যথাযথ নিরাপত্তা ব্যবস্থা ছাড়া সীতাকুণ্ডের বিভিন্ন জাহাজ ভাঙার কারখানায় কাজ চলে আসছে; যা নিয়ে পরিবেশবাদী এবং শ্রম অধিকার নিয়ে আন্দোলনকারীরা বিভিন্ন সময় প্রতিবাদ জানিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/২২২৩ ঘ.
bdnews24